স্বাস্থ্য ও মৃত্যুঝুঁকি কমাতে বায়োগ্যাস প্রকল্প
গ্রামীণ নারী ও শিশুদের স্বাস্থ্য ও মৃত্যুঝুঁকি কমাতে দেশের ১৫ জেলায় বিকল্প জ্বালানি (বায়োগ্যাস) কর্মসূচি চালু হয়েছে। ইতিমধ্যে ওই প্রকল্পের আওতায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩৭টি পরিবার এই সুবিধা ভোগ করা শুরু করেছে। আরও ৫০টি প্ল্যান্ট প্রক্রিয়াধীন আছে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের’ অর্থায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) জ্বালানি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট (আইএফআরডি) প্রকল্পটি বাস্তবায়ন করছে।
ওই প্রকল্পের উপপরিচালক এস এম আসাদুজ্জামান জানান, রান্নার চুলার ধোঁয়া থেকে রোগে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি ১৩ সেকেন্ডে একজন গৃহবধূ এবং প্রতি ৩৩ সেকেন্ডে একজন শিশুর মৃত্যু হচ্ছে। একই সঙ্গে রান্নার জ্বালানিতে কাঠের ব্যবহারের ফলে গাছ ধ্বংস হচ্ছে এবং মানুষের জীবন রক্ষাকারী অক্সিজেন কমছে। বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কার্বন নিঃসরণ হ্রাস ও বিকল্প জ্বালানি ব্যবহার বৃদ্ধিকরণ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের মাধ্যমে ২০১৪-১৬ অর্থবছরে ১০ কোটি টাকার একটি প্রকল্প বাগেরহাট, জামালপুর, নাটোর, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জসহ ১৫টি জেলার পাঁচ হাজার পরিবারে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্প পরিচালক আছাদুজ্জামান বলেন, প্রতিটি বায়োগ্যাস প্ল্যান্টের বিপরীতে ১২ হাজার টাকা করে এককালীন ভর্তুকি দেওয়া হচ্ছে।
সুবিধাভোগী হারোয়া গ্রামের জহুরুল ইসলাম বলেন, ‘বায়োগ্যাস প্ল্যান্টে প্রতিদিন মাত্র ৪০ কেজি গোবর ব্যবহারের মাধ্যমে গ্যাসের চুলায় রান্না হচ্ছে। আবার ব্যবহৃত গোবর জৈব সার হিসেবে ব্যবহার করতে পারছি।’
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শরীফুন্নেসা বলেন, গত ২৬ ডিসেম্বর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব খোন্দকার আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের হারোয়া এবং বাহিমালি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করে। এ সময় নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমান, প্রকল্প পরিচালক আছাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
খোন্দকার আসাদুজ্জামান জানান, এই প্রকল্প বাস্তবায়নের ফলে শুধু পাঁচ হাজার বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে প্রতিবছর প্রায় ৭৫ হাজার ৩৭১ দশমিক ৪৮ টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন হ্রাস পাবে। এ ছাড়া ১ লাখ ৮০ হাজার মণ জ্বালানি সাশ্রয় হবে।