স্বাস্থ্যবিধি জরিপ করবে বিবিএস-ওয়াটারএইড
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ওয়াটারএইড যৌথভাবে জাতীয় স্বাস্থ্যবিধি জরিপ-২০১৭ পরিচালনা করবে। আজ মঙ্গলবার এ জন্য চুক্তি স্বাক্ষর করেছে দুটি প্রতিষ্ঠান। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সম্মেলনকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হকের উপস্থিতিতে বিবিএসের মহাপরিচালক মো. আমীর হোসেন এবং ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. খায়রুল ইসলাম চুক্তিপত্রটি স্বাক্ষর করেন।
এ মাস থেকে শুরু করে আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত এ জরিপটি দেশে শহর ও ম উভয় এলাকাতেই চলবে। গৃহস্থালি স্কুল, হাসপাতাল, খাবারের দোকান এবং ধাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কিত জ্ঞান ও চর্চার বর্তমান অবস্থা এবং এর সুবিধাগুলো যেমন সাবান দিয়ে হাত ধোয়া, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকা এবং যথাযথ মাসিক ব্যবস্থাপনা সম্পর্কে প্রচলিত ধারণা বিস্তারিত জানার জন্যই এ জরিপ করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাস, বিবিএসের পরিচালক মো. মাসুদ আলম, ওয়াটারএইড বাংলাদেশের কর্মসূচি ও পলিসি অ্যাডভোকেসি পরিচালক মো. লিয়াকত আলী। বিজ্ঞপ্তি