সড়কে মৌসুমি ফলের আবর্জনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এসেছে আম, লিচু, জামসহ বিভিন্ন মৌসুমি ফল। এসব মৌসুমি ফল বাজারে ওঠার সঙ্গে সঙ্গে সড়কে ময়লা-আবর্জনার পরিমাণও বেড়ে গেছে। রাজধানীর বিভিন্ন এলাকার ফল ব্যবসায়ীরা ফলের ঝুড়ি ও ডালা সাজাতে ব্যবহৃত পাতাসহ নষ্ট ফল, ফলের উচ্ছিষ্ট সবই ফেলে রাখছেন সড়কে। এর ফলে কয়েক দিন ধরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লা ফেলার নির্দিষ্ট স্থান ছাড়াও সড়কে ময়লা পড়ে থাকতে দেখা যাচ্ছে।
নতুন জায়গায় জমে থাকা এসব ময়লার বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘লোকজন টনকে টন লিচুর পাতা এনে ফেলছে। আমরা পরিষ্কার করতে হিমশিম খাচ্ছি। আপনাদের মাধ্যমে জনগণকে অনুরোধ জানাচ্ছি এভাবে ময়লা না ফেলতে।’
গত মঙ্গলবার ও গতকাল বুধবার মোহাম্মদপুর, মিরপুর, আগারগাঁও, শ্যামলী, আদাবর, মহাখালী এলাকা ঘুরে দেখা গেছে, ডিএনসিসির ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা ও কনটেইনার ছাড়াও নতুন অন্তত ছয়-সাত স্থানে ময়লা স্তূপ করে রাখা। এর অধিকাংশই মৌসুমি ফলের আবর্জনা।
মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজের সামনের সড়কে এমন আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। অথচ, এটি ডিএনসিসির ময়লা ফেলার নির্দিষ্ট স্থান নয়। সড়কের পাশের দোকানদার ইব্রাহিম মিয়া বলেন, কয়েক দিন ধরে রাতের বেলা কারা যেন এখানে ময়লা ফেলে যাচ্ছে।
ঢাকা উত্তরে ৯০ লাখ লোকের বসবাস। প্রতিদিন প্রায় তিন হাজার টন বর্জ্য তৈরি হয়। আর ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী আছেন সাড়ে তিন হাজার। লোকজন যেভাবে ময়লা ফেলে তাতে সিটি করপোরেশনের সাড়ে তিন হাজার কর্মীর পক্ষে এই বর্জ্য অপসারণ করা কষ্টসাধ্য। এর মধ্যে নতুন উপদ্রব হিসেবে দেখা দিয়েছে, নির্দিষ্ট জায়গা ছাড়াও ফেলা এসব ময়লা আবর্জনা। এ অবস্থা থেকে উত্তরণে ডিএনসিসির পক্ষ থেকে কিছু অতিরিক্ত ময়লার কনটেইনার দেওয়া হয়েছে।