চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলা সদরের ইছাখালী এলাকায় সড়কের পাশের মাটি ধসে পাঁচটি দোকান বিধ্বস্ত হয়েছে। গত মঙ্গলবার সকালে এই ধস সৃষ্টি হয়। ভারী বর্ষণ ও খালের ভাঙনের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সওজের কর্মকর্তারা জানিয়েছেন। ধস ঠেকাতে সড়কের পাশে ইতিমধ্যে ফেলা হয়েছে বালুর বস্তা। পাশাপাশি পোঁতা হচ্ছে লোহার পাইপ।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, উপজেলার সদরের ইছাখালী এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়ক ইছাখালী খালের ভাঙনের কবলে পড়েছে। পাশাপাশি ভারী বর্ষণেও সড়কের পাশের মাটি নরম হয়ে গেছে। ধসে পড়া দোকানগুলো অবৈধভাবে সড়কের পাশে গড়ে উঠেছিল।
গত বুধবার দুপুরে গিয়ে দেখা যায়, কাপ্তাই সড়ক রক্ষার জন্য সাত থেকে আটজন শ্রমিক লোহার পাইপ পুঁতে বালির বস্তা ফেলে সড়কের ধস ঠেকানোর চেষ্টা করছেন।
জানতে চাইলে চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগ রাঙ্গুনিয়ার তত্ত্বাবধায়ক রাসেল দেওয়ান প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ধস ঠেকাতে জরুরি ভিত্তিতে কাজ হচ্ছে।
ধসে যাওয়া দোকানের মালিক মো. রাশেদ বলেন, খালের বুকে খুঁটি গেড়ে দোকান নির্মাণ করেছিলেন তিনি। খুঁটিসহ দোকানটি ধসে গেছে।
স্থানীয় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, ধসে পড়া দোকানগুলো অবৈধ। খালের ওপর খুঁটি গেড়ে এসব দোকান গড়ে তোলা হয়েছে। প্রবল বৃষ্টিতে সড়কে মাটি সরে যাওয়ায় ও খালের পানি বেড়ে যাওয়ার দোকানগুলো ধসে গেছে।