হঁাটাও দায় পুরোটাই ভাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট-মাতারবাড়ী সড়কটি বেহাল। এই সড়ক দিয়ে যান চলাচল দূরের কথা, হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়েছে। এতে ধলঘাট ইউনিয়নের অন্তত ৩০ হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ১০ কিলোমিটার দীর্ঘ ধলঘাট-মাতারবাড়ী সড়কের প্রায় পুরোটাই ভাঙা।
সাপমারার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হক বলেন, ২০১২ সালের জুন মাসে বর্ষা মৌসুমে ধলঘাট-মাতারবাড়ী সড়ক ভেঙে যায়। পাশাপাশি সড়কে সৃষ্টি হয় বড় বড় গর্তের। এ কারণে চার বছর ধরে সড়কে যান চলাচল বন্ধ আছে।
মুহুরিঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন বলেন, ‘আগে গাড়ি নিয়ে ধলঘাট আসা যেত। এখন গাড়ি তো দূরের কথা, হেঁটে যাওয়াই কষ্টকর।’ তিনি বলেন, এখন স্থানীয় লোকজন হেঁটে সাপমারার
ডেইল ঘাটে যাওয়ার পর সেখান থেকে নৌকাযোগে চলাচল করছেন। আর মাতারবাড়ী যেতে অন্তত ১০ কিলোমিটার ভাঙা সড়ক পাড়ি দিতে গিয়ে ভোগান্তির শেষ নেই।
ধলঘাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ধলঘাট ইউনিয়নে যাতায়াতের একমাত্র প্রধান সড়ক ধলঘাট-মাতারবাড়ী সড়কটি ভেঙে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল আলম বলেন, সড়কটি চালু করার জন্য আগামী শুষ্ক মৌসুমে মাটি ফেলা হবে। পরে রাস্তায় ইট বিছিয়ে গাড়ি চলাচলের উপযোগী করার পরিকল্পনা আছে।
উপজেলা প্রকৌশলী রিয়াদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, ধলঘাট-মাতারবাড়ী সড়কের দেড় কিলোমিটার অংশ সংস্কারের কাজ চলছে। বাকি অংশ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। তবে সড়ক সংস্কারের আগে ওই এলাকার অরক্ষিত বেড়িবাঁধ সংস্কার করা দরকার।
কবে নাগাদ বেড়িবাঁধ সংস্কার করা হবে—এ প্রশ্নের জবাবে পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সবিবুর রহমান বলেন, ইতিমধ্যে ধলঘাট ইউনিয়নের সরইতলার ভাঙা এক কিলোমিটার বেড়িবাঁধ সংস্কারের জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। বর্ষার পরেই ওই বাঁধ সংস্কারের কাজ শুরু হবে।