হঠাৎ বৃষ্টিতে ধুলার শহরে কাদা

হঠাৎ একটু বৃষ্টিতেই পাবনা শহরের বেশ কয়েকটি পিচ ঢালা সড়কে কাদা হয়ে গেছে। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শহরবাসীকে। তাদের দাবি, দীর্ঘদিন সড়কগুলো মেরামত না করায় এবং ধুলা জমে থাকায় এই অবস্থার সৃষ্টি হচ্ছে।
জেলা শহরের ১০ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, পাবনা শহর বেশ পুরোনো। ফলে শহরের সড়কগুলো প্রশস্তে ছোট। এর মধ্যে সড়কের দুই পাশের ফুটপাত দখলে থাকায় প্রশস্ততা আরও কমে গেছে। কিন্তু দিনে দিনে শহরের লোকসংখ্যা ও যানবাহন বেড়ে যাচ্ছে। এতে অল্প প্রশস্তের সড়কগুলো যানবাহনের অতিরিক্ত চাপে ক্ষতবিক্ষত হচ্ছে। বেশ কিছু সড়ক দীর্ঘদিন মেরামত না করায় পিচ উঠে ছোট ছোট গর্ত তৈরি হয়েছে। এসব গর্ত থেকে ধুলা বের হয়ে শহরে ছড়াচ্ছে। ফলে পুরো শহর অধিকাংশ সময় ধুলাময় হয়ে থাকছে। আর একটু বৃষ্টি হলেই ধুলায় পানি লেগে তৈরি হচ্ছে কাদা। গত সোমবার রাতে হঠাৎ করে সামান্য বৃষ্টিপাতে শহরের বেশ কয়েকটি সড়কে কাদা তৈরি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে শহরবাসী।
গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, শহরের বড় বাজারের চারপাশ, নিউমার্কেট এলাকা, আওরঙ্গজেব সড়ক, প্রেসক্লাব সড়ক, পাবনা কলেজ সড়ক, বেনিয়াপট্টি, মহিলা কলেজ সড়ক, স্কয়ার সড়কসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়কে কাদা জমে আছে। এর মধ্যেই রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করায় কাদার ঘনত্ব আরও বাড়ছে। কাদা ছিটে নষ্ট হচ্ছে পথচারীদের জুতা, স্যান্ডেল ও পরনের কাপড়।
নিউমার্কেট এলাকার ব্যবসায়ী বিপুল হোসেন জানান, পাবনা নিউমার্কেট এবং এর চারপাশের এলাকাটি বেশ গুরুত্বপূর্ণ। কেনাকাটার সব বিপণিবিতান এই এলাকায় হওয়ায় প্রতিদিন এখানে অসংখ্য মানুষের সমাগম ঘটে। কিন্তু এই এলাকার সড়কগুলো সবচেয়ে খারাপ। একটু বৃষ্টি হলেই সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী তাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রাস্তাগুলো বেশ পুরোনো, ফলে পলেস্তারা উঠে যাওয়ায় কাদা সৃষ্টি হয়েছে। আমরা রাস্তাগুলো মেরামতের জন্য নতুন প্রকল্প তৈরি করেছি। প্রকল্পগুলো অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন হলে এ বছরই রাস্তাগুলো মেরামত করা হবে। তখন আর কাদা হবে না।’