হঠাৎ বৃষ্টিতে ভোট ম্লান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের রাতেও আকাশে মেঘ ছিল না। কিন্তু রাত পোহাতেই সে দৃশ্য উধাও। সকাল সাড়ে সাতটা থেকেই হানা দেয় বৃষ্টি। এ অবস্থায় ভোটাররাও পড়েন দোটানায়। ঘণ্টা দুয়েক পর বৃষ্টি কমলে ভোটাররা ধীরে ধীরে কেন্দ্রের দিকে আসতে থাকেন। দুপুর ১২টার দিকে আবার বৃষ্টি শুরু হলে ভোটারহীন হয়ে পড়ে ভোটকেন্দ্রগুলো। আধা ঘণ্টা পর পুনরায় রৌদ্রোজ্জ্বল হয়ে ওঠে চারপাশ।
এভাবে দিনভর দফায় দফায় রোদ-বৃষ্টির লুকোচুরির মধ্য দিয়ে গতকাল শনিবার সিলেটের দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ—এই তিন উপজেলার ২৪ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চতুর্থ ধাপের এই ভোটে হঠাৎ বৃষ্টিতে উৎসব অনেকটা ম্লান হয়ে পড়লেও জাল ভোট দেওয়ার চেষ্টায় মাঝেমধ্যে উত্তেজনা ছড়িয়েছে ভোটকেন্দ্রের আশপাশে। দু-একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তারপরও ভোট মোটামুটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বলে একাধিক ভোটার জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, কোথাও জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেনি। তবে জাল ভোট দেওয়ার চেষ্টা চালানোয় তিন উপজেলা থেকে অন্তত ১০ জনকে আটক করা হয়েছে। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক শিবলী বলেন, উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সুমন আলী এবং বাঘা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নাজিম উদ্দিন নামের দুই ব্যক্তিকে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আটক করা হয়েছে।
দুপুর ১২টার দিকে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ঘূর্ণি কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে তিন নারীকে আটক করে পুলিশ। সিলেটের এএসপি (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা প্রথম আলোকে বলেন, জাল ভোট প্রদানের আগেই তিন নারীকে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে জরিমানা আদায় করেছেন।
বিকেল চারটায় ভোট শেষ হওয়ার কয়েক মিনিট আগে দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের ইছরাব আলী হাইস্কুল কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থকেরা কেন্দ্র দখলের চেষ্টা চালালে পুলিশের তৎপরতায় সেটি সম্ভব হয়নি। এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, কেন্দ্র দখলের কোনো চেষ্টা হয়নি। তবে সিলাম ও মোগলাবাজার থেকে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে ছয়জনকে আটক করা হয়েছে। এর আগে বেলা ১২টা ৫৭ মিনিটে বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের রামসুন্দর অগ্রগামী উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। মাত্র চারজন ভোটার কেন্দ্রের সামনে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফজলুল হক বলেন, বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি কম হচ্ছে। পৌনে একটা পর্যন্ত এখানে ২ হাজার ৪৯ জন ভোটারের মধ্যে ৮০০ জন ভোট দিয়েছেন।
বেলা একটার দিকে একই কেন্দ্রের ১ নম্বর ভোটকক্ষে (নারী) দায়িত্বরত বিএনপি-দলীয় চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট শাহিনুর পাশা অভিযোগ করেন, অচেনা এক লোক হুটহাট নারীদের নিয়ে এসে জাল ভোট দেওয়ার চেষ্টা করছে। বেলা একটা পর্যন্ত ওই কক্ষের ৩২০ ভোটের মধ্যে মাত্র ৮২টি ভোট পড়েছে জানিয়ে ওই কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মীর মো. আবদুল মোমিন বলেন, শাহিনুরের অভিযোগটি ঠিক নয়। কয়েকজন নারী ভোটকক্ষটি না চেনায় ওই ব্যক্তি ভোটারদের নিয়ে কক্ষে এসেছিলেন।
দুপুর সোয়া ১২টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় ভোটার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিদ্যালয়ের বারান্দায় গিয়ে আশ্রয় নিয়েছেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নুরুল আলম বলেন, সোয়া ১২টা পর্যন্ত মোট ২ হাজার ৮০২ জন ভোটারের মধ্যে ৯৯২ জন ভোট দিয়েছেন। বৃষ্টি থাকায় ভোটাররা কম আসছেন।