
মৌয়াল সরদার যে বড় নৌকাখানায় শুয়ে আছেন—সুন্দরবনের ভেতরের একটা বড় খালের মাঝখানে, তার আশপাশে আরও ক’খানা নৌকা। বন বিভাগের ‘পাশ’ কেটে মৌচাক কাটতে সবাই এসেছেন সুন্দরবনে। রাতটা পার হলেই শুরু হবে মৌচাক কাটার কাজ। নানার পাশে শুয়ে আছে সরদারের এগারো বছরের নাতি, এবারই প্রথম তার সুন্দরবনে আসা।
মাঝরাতে খালপাড়ে ‘বুপ্ বুপ্’ ভৌতিক আওয়াজে নাতি উঠে বসল ভয়ে—নানা! ভূত! ভূত! নানা বললেন, শুয়ে থাক। ভুতুম ওটা। বাচ্চারা বড় হয়েছে। তাই সবাই মিলে ওভাবে ডাকছে। নাতি মানল না। কেননা, ভুতুম সে দেখেছে নিজের গ্রামেই, শুনেছে ডাকও। অতএব, নানাকে উঠতে হলো, নৌকার ছইয়ে চড়ে টর্চের আলোয় নাতিকে দেখালেন ভুতুমগুলো। হলদে ভুতুম এগুলো।
হ্যাঁ, এই প্যাঁচাগুলোকে দেখলে ভুতুমপ্যাঁচাই মনে হবে। আকার-গড়ন-ধরন-চোখ-ঠোঁট-কান প্রায় অভিন্ন, রং-রেখাও প্রায় একই রকম। মূলত সুন্দরবনের বাসিন্দা। তবে, রুচি বদলাতে বা হাওয়া বদলাতে অথবা খাদ্যের সুলভতার কারণে এরা সুন্দরবন লাগোয়া গ্রামবাংলার বিল-জলাশয়-পুকুরে আসে ভাদ্র থেকে কার্তিক পর্যন্ত। এ সময় মাছ মেলে বেশি।
বড়সড় এই প্যাঁচাটির দুটি স্থানীয় নাম আমি বনজীবীদের সঙ্গে আলাপ করে, ছবি দেখিয়ে জোগাড় করেছি। শরণখোলা-মোংলা-সাতক্ষীরা অঞ্চলের নাম দুটি হলো হলদে ভুতুম ও ছোট ভুতুম। আরও একটি নাম হলো চুপ ভুতুম। কণ্ঠস্বর ওদের ‘বুপ্ বুপ্, ভুপ্ ভুপ্’ বা ‘চুপ্ চুপ্’ ধরনের। সেই ডাক শুনলে ছেলেপুলে ভয় পেতেই পারে। তবে ভুতুমপ্যাঁচার মতো এরা সাহসী নয়। গাছতলায় মানুষ গেলে নিচের দিকে হলদে বড় বড় কটমট চোখে তাকিয়ে ভয় দেখানোর চেষ্টা করে না। বরং উড়ে পালায় অথবা অন্যদিকে এমনভাবে তাকিয়ে থাকে যে নিচের মানুষটাকে ও দেখেইনি।
মূল খাদ্য এদের মাছ-ব্যাঙ-কাঁকড়া-নির্বিষ সাপের ছোট বাচ্চা, ইঁদুর ও বড় বড় পোকামাকড়। বাসা করে গাছের খোঁড়লে-কোটরে। যে মৌয়াল সরদারের কথা বলেছি, তিনি এবং আরও অনেকেই বলেছেন, তিনটি বাচ্চা হয় এদের।
হলদে ভুতুমের ইংরেজি নাম Buffy Fish owl। বৈজ্ঞানিক নাম Ketupa ketupa। দৈর্ঘ ৫০ সেন্টিমিটার। চোখের ভেতরটা টকটকে হলুদ, মণিটা কালচে-বাদামি। বুক-পেট হলুদাভ-বাদামি, তাতে লালচে আভা আছে। সেই বুকে লম্বালম্বিভাবে কালো কালো চওড়া টান আছে। ঘাড়-মাথায় টান-ছোপ বেশি। কপাল সাদা। ধুসরাভ পা। হলুদাভ ঠোঁট।