
টিলার গা ঘেঁষে দাঁড়ানো বয়সী পেঁপেগাছটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল একটি পরিবার। ঢাকা থেকে মৌলভীবাজারে বেড়াতে এসেছে তারা। ৯-১০ বছর বয়সী এক বালিকার চোখ পড়ল পেঁপেগাছটির মাথার দিকে। বড়সড় পেঁপেটিকে দুলতে দেখে থমকে দাঁড়াল সে। দেখাল তার বাবাকে। বাবা দেখে বললেন, ভূতে নাড়াচ্ছে পেঁপেটিকে! ভূতের নাম শুনে সবাই তাকাল পেঁপেটির দিকে, তাজ্জব কাণ্ড! দেখা যাচ্ছে না কাউকে, তাহলে দুলছে কেন পেঁপেটা! মেয়েটির বাবা এগিয়ে গিয়ে গাছটির গায়ে জোরে জোরে থাপ্পড় মারতেই পেঁপের মুখ থেকে ঠোঁটভরা তরল পেঁপেসহ চরম বিরক্তিসহকারে মুখ বাড়াল পুঁচকে পাখিটি।
পেঁপে খেতে খেতে পেঁপের ভেতরে ঢুকে পড়া এই ছোট্ট-সুন্দর পাখিটির নাম হলদেলেজি ফুলঝুরি। পেটের তলা থেকে শুরু করে লেজের তলাটা এদের টকটকে হলুদ। ঋতুভেদে এই হলুদের সঙ্গে হালকা কমলা রঙের আভা দেখা যায়। গলা, বুক ও শরীরের দুপাশজুড়ে লম্বালম্বি রেখা টানা; রং কালচে-বাদামি। মাথা ও পিঠ জলপাই-বাদামি, ডানা ও খাটো লেজের উপরিভাগ কালচে-বাদামি। আগার দিকটা সামান্য বাঁকানো ছোট ঠোঁটটির রং কালচে। পা ও আঙুল কালচে-সবুজ।
এরা মূলত টিলা ও পাহাড়ি বনের পাখি। সমতলের জাতভাইদের (অন্যান্য ফুলঝুরি) মতোই স্বভাব-চরিত্র। খাদ্যসহ বাসার ধরন-গড়ন একই রকম। বসন্ত-বর্ষায় গাছের ডালে থলের মতো বাসা বানায় এরা নরম তন্তুজাতীয় উপকরণ দিয়ে। যেমন মাকড়সার জাল-মস-ঘাস-তুলা ইত্যাদি। ডিম পাড়ে দু-তিনটি।
মূল খাদ্য এদের নানান রকম ফল। পাকা আতা, বিলেতি গাব, সাগরকলা ইত্যাদি বড় ফল খেতে খেতে এরা ভেতরে ঢুকে পড়ে। ঠোকরায়, ফল নড়ে, ব্যাপারটি ভৌতিক বলেই মনে হয় তখন।
উড়লেই ডাকে, বাসা বাঁধার সময়ও ডাকে। কণ্ঠস্বর ধাতব ‘ডিজিপ ডিজিপ’ ধরনের। এরা এবং এদের জাতভাই অন্যান্য ফুলঝুরি হলো বাংলাদেশের সবচেয়ে ছোট পাখি। এদের খাদ্যতালিকায় আরও আছে পোকামাকড়সহ বিভিন্ন ফুলের মধুরেণু। এরা দুলে দুলে ওড়ে।
ইংরেজি নাম Yellow-vented Flowerpecker। বৈজ্ঞানিক নাম Dicaeum chrysorrheum। দৈর্ঘ্য ৯-১০ সেন্টিমিটার।