
শুকনো ডালপালা কুড়াতে মেয়েটি ঢুকল বাগানে, একটি ঘন ডালপাতায় ছাওয়া রয়নাগাছের তলায় গিয়ে ঝুঁকে যখন সে একখানা সরু ডাল কুড়াচ্ছে, তখনই কে যেন পিঠের ওপর আঘাত করল। চমকে মেয়েটি সোজা হয়ে দাঁড়াতেই দেখতে পেল খাড়াভাবে প্রায় তিরবেগে নেমে আসা হলুদ পাখিটিকে—মেয়েটির মাথার তালুতে এবার ঠোকর না দিয়ে পা দুখানা দিয়ে আঘাত করেই ছিটকে উঠে গেল শূন্যে। ওর নিজের ভাষায় যেন গালাগাল ঝাড়ল, ‘কি-লো, কি-লো! এখানে কেন? এখানে কেন? পালা, পালা!’ নয় বছর বয়সী বালিকা হাসল। বুঝে ফেলল, এই গাছেই আছে পাখিটির বাসা, সেই বাসায় ছানাও আছে। শুধু ডিম থাকলে পাখিটা শূন্য থেকে ডাইভ দিয়ে আঘাত করত না তাকে।
বালিকা গাছে উঠে পড়ল, এবার দেখা গেল এক জোড়া পাখি—ওদের যেন মাথা খারাপ হওয়ার জোগাড়। একেবারে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে নেমে আসছে তিরবেগে—দুটি দুই দিক থেকে, সতর্ক মেয়েটিকে চাইছে আঘাত করতে, উঠে আসছে আবার শূন্যে, প্রচণ্ড গালাগাল ঝেড়েই চলেছে, তেড়ে আসছে বারবার।
মেয়েটি সদ্য পালক গজানো তিনটি ছানা নিয়ে অতি সাবধানে নেমে এল। চলে এল বাড়িতে। ডাহুক পাখি পোষার জন্য একটি শূন্য খাঁচা আগে থেকেই ছিল, ছানা তিনটিকে ওটার ভেতরে রেখে দিলেন বালিকার বৃদ্ধ দাদাজান। ডাহুক পোষার জন্য ওনাকে সবাই ডাহুক বুড়ো নামেই চেনে।
ছানা তিনটি ২২-২৩ দিন পরে যথেষ্ট বড় হয়ে গেল। ডাহুক বুড়োই খাবার খাইয়েছেন এত দিন। তিনি বুঝলেন, এখন ছেড়ে দিলে এরা উড়ে চলে যেতে পারবে। তিনি বোঝালেন নাতনিটিকে—শুধু শুধু পুষে কী লাভ এই হলুদ পাখি! ডাহুক-ঘুঘু হলেও পাখি দিয়ে পাখি শিকার করে মাংস খাওয়া যেত। তিনটি ছানাকে একটা বাগানের পাশে নিয়ে বালিকাই দুই হাতের মুঠি থেকে শূন্যে ছুড়ে দিল—ওমা! তিনটিই উড়ল বটে, দু-তিন পাক শূন্যে ঘুরে নামল এসে মেয়েটির ঘাড়-মাথায়! ওরা তো বাইরের জগৎ চেনে না। পায়নি মা-বাবার কাছ থেকে ট্রেনিং। ওই বুড়ো আর বালিকাকেই ওরা মা-বাবা বলে জানে। এই স্বভাব পাখির ছানাদের। এ রকম ছানারা প্রকৃতিতে সহজে নিজেদের খাপ খাওয়াতে পারে না। শত্রু-মিত্র চেনে না। খাবার চেনে না। মা-বাবার ট্রেনিং ছাড়া কি এসব হয়!
এ ঘটনাটি গত মে মাসের। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার একটি গ্রামের। খবরটি মুঠোফোনে আমাকে জানান ওই মেয়েটিরই এক তরুণ প্রতিবেশী। আমি তাঁকে আমার কিঞ্চিৎ অভিজ্ঞতার আলোকে বেশ কিছু পরামর্শ দিই। কাজ হয় তাতে।
ঠিক এ রকমই আরেকটি ঘটনা ঘটে মাগুরা শহরে। পাখিপ্রেমী মানুষ মো. পাভেল দুটি হলুদ ছানা বাড়িতে নিয়ে আসেন—ছেলেপুলেরা একটি বাসা থেকে চারটি ছানা পেড়ে কাড়াকাড়ি-মারামারি করছিল—কে কয়টা নেবে তা নিয়ে। ওতেই দুটি ছানা মারা যায়। ওই ভদ্রলোকও আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, পাঠিয়েছিলেন ছবি। এটি এ বছরের এপ্রিল মাসের ঘটনা।
হলুদ রঙের এই পাখিরা গ্রামবাংলা তো বটেই, খোদ রাজধানী শহরেরও এক পরিচিত পাখি। এই শহরে ওরা বাসাও করে। ঘাড়-মাথা-গলা, লেজের প্রান্তের উপরিভাগসহ ডানার প্রান্ত কালো রঙের পাখিটির নাম ‘হলদে বউ’। পুরুষটি বেশি সুন্দর, মেয়েটি সে তুলনায় কম সুন্দরী। পক্ষিজগতের এটাই নিয়ম। হলদে পাখি নামেও পরিচিত। দেশের অনেক এলাকায় এটা ‘ইষ্টিকুটুম’ পাখি। এদের সদ্য পালক গজানো ছানারা দেখতে যা সুন্দর না! বয়সী পাখিদের শরীরের মাপ ২৫ সেন্টিমিটার। ওজন ৮০ গ্রাম। এটির ইংরেজি নাম Black-hooded oriole। বৈজ্ঞানিক নাম oriolus xanthornus। খাবারের তালিকায় পোকামাকড়-ফল-ফুলের নির্যাসসহ তাল-খেজুরের রস পর্যন্ত আছে। বাসা করে বসন্ত-গ্রীষ্মে। গাছের ডালে অনেকটাই দোলনার মতো বাসা। ডিম পাড়ে তিন-চারটি। দুজনেই তা দেয় ডিমে। ফোটে ১৩ থেকে ১৭ দিনে।