
মাথায় শোভিত চমৎকার মুকুটটির রং যেমন উজ্জ্বল-হলুদ ও কারুকাজশোভিত, তেমনি এর শরীরের সামনের দিকটা এবং কপালের অংশ একই রকম হলুদ। পোশাকের গলা-বুক-ঘাড়-পিঠ ও নিচের অংশ কুচকুচে ধাতব-কালো-মখমলের পোশাকের মতো। চোখের বৃত্ত লাল, মণি চকচকে কালো। সুলতানার পোশাকও একই রকম, শুধু গলা, পিঠ ও পিঠের নিচের দিকটা চকচকে কালচে-জলপাইরঙা। সুলতানের পাশে তাকে মানায় দারুণ। চালচলনে একটা ঠাঁটবাট ও সুলতানি ভাব থাকে বটে, তবে এরা শান্ত মেজাজের পাখি।
এই সুলতান ও সুলতানা হলো আমাদের দেশের দুর্গম পার্বত্য বনের অতি দুর্লভ এক সুদর্শন আবাসিক পাখি। প্রেমে বুক উথালপাতাল হলে বা কোনো কারণে উত্তেজিত হলে যখন মাথার মুকুটচূড়া খাড়া হয়ে ওঠে, সামান্য ঝুঁকে থাকে সামনের দিকে, তখন সরু সরু চুলের মতো মুকুট-পালকগুলো আলাদাভাবে দেখা যায়। এদের পা ও পায়ের পাতার রং নীলচে, নখর মাংসল-বাদামি। ঠোঁট বাদামি-কালচে।
এই সুলতান পাখিদের ইংরেজি নামটিও Sultan Tit. বৈজ্ঞানিক নাম Melanochlora sultania। দৈর্ঘ্য ২০ থেকে ২১ সেন্টিমিটার। ওজন গড়পড়তা ৩০ থেকে ৪০ গ্রাম। বাংলা নাম হলুদ সুলতান ও হলুদ রামগাংরা।
আমুদে-খেলুড়ে স্বভাবের সুলতানরা গাছের সরু ডালপালা ও পাতায় ঝুলে-দুলে ও নেচে নেচে মনকাড়া অ্যাক্রোবেটিক শো যেমন দেখাতে পারে, তেমনি গাছের ছালবাকল ও বড় বড় পাতার তলার পোকামাকড়-লার্ভা তল্লাশির সময় চমৎকার হোভারিংও করে। এদের খাদ্যতালিকায় আরও আছে ছোট ছোট ফল ও বীজ। একই গাছে বা ঝোপঝাড়ে ফল ও পোকাখেকো আরও পাখি জড়ো হলেও এরা কোনো প্রতিক্রিয়া দেখায় না।
সুলতান খুব ভালো গান করে। গলাটা মিষ্টি-সুরেলা। বাসা করে গ্রীষ্ম-বর্ষায়। গাছ বা টিলা-পাহাড়ের গায়ের ফোকরে-কোটরে লতা-শিকড়-ঘাস-পাতা ইত্যাদি জড়ো করে সুলতানা একাই বাসা বানিয়ে তাতে ডিম পাড়ে ছয়-সাতটি। ডিমে তা-ও সুলতানা একাই দেয়।