হলুদ-ঝুঁটি কাঠঠোকরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলুদ-ঝুঁটি কাঠঠোকরা l ছবি: আদনান আজাদ আসিফ
হলুদ-ঝুঁটি কাঠঠোকরা l ছবি: আদনান আজাদ আসিফ

ভোরবেলায় গাছি খেজুরগাছ থেকে রসের হাঁড়ি নামিয়ে নিয়ে গেল। একটু পরে দুলতে দুলতে এল একটি হলুদ-ঝুঁটি কাঠঠোকরা। রসের নলিটার তলায় বসল খাড়া হয়ে। তারপরে লম্বা জিবটা বের করে নলিটা চেটেপুটে নিল। কী মিষ্টি রস! খুশিতে ডেকে উঠল। কণ্ঠটা মিষ্টি, ধাতব-সুরেলা। দূরের বাগান থেকে ভেসে এল এবার তার সঙ্গিনীর ডাক—টি-ই, টি-ই, টির্-টির্, টির্। পরমুহূর্তেই সেও দুলে দুলে উড়ে এসে বসল সঙ্গীর পাশে। দুজনেই খেজুরগাছের কাটা সাদা অংশের রসবিন্দু জিব দিয়ে টেনে এনে পান করতে লাগল। দুজনে রস পান করছে আর আনন্দে ডাকছে।
এই যে প্রথম আসা হলুদ গলার পুরুষ পাখিটি, তার ঘাড় ও মাথার চূড়ার পেছন দিকটা একেবারে গাঁদা ফুলের মতো হলুদ, গলাটায় যেন কাঁচা হলুদের প্রলেপ। ডানা বোজানো অবস্থায় পিঠের রং হলুদ আভাসহ গাঢ় সবুজ, তার সঙ্গে লালচে-বাদামি জড়ানো। গলার দুই পাশটা কালো, চোখের পাশটা হালকা ধূসর। ধূসরাভ ঠোঁটের আগা হলুদ। পাও ধূসরাভ। লম্বাটে লেজের উপরিভাগটা কালচে-ধূসর। পালকের প্রান্তে কালো কালো চওড়া কয়েকটি আড়াআড়ি টান। মেয়েপাখিটির গলা হলুদ নয়, লালচে বাদামি।
মূল খাদ্য পোকা-পতঙ্গ, গাছের বাকলের তলার রসাল নানা রকম পোকাসহ বিটল পোকা, তাল-খেজুরের রস, শিমুল ফুলের মধু। পিঁপড়ের ডিমসহ উড়ন্ত উইপোকা এদের অতীব প্রিয় খাদ্য। উইপোকা খেতে এরা মাটিতে নামে। লম্বা-চওড়া শক্ত লেজটাকে এরা তৃতীয় পা হিসেবে ব্যবহার করতে পারে। মাটিতে বসে সোজা হয়ে, চেয়ারে বসার কায়দায় লেজের ওপর ভর করে। মজাদার খাবার হলে খাওয়ার সময় খুশিতে চেঁচামেচি করে।
বাসা করে গাছের খোঁড়লে। ডিম পাড়ে দু-তিনটি। ফোটে ১৩-১৭ দিনে। এদের ছানারাও খোঁড়লের ভেতরে বসে সম্মিলিত কণ্ঠে সাপের ফোঁসফোঁসানির মতো শব্দ করতে জানে।
সুন্দর এই পাখিটি আমাদের আবাসিক পাখি। হলুদ-গলা কাঠঠোকরাও বলা হয়। ইংরেজি নাম Greater yellownape। বৈজ্ঞানিক নাম picus flavinucha। মাপ ৩৩ সেন্টিমিটার। ওজন ১২৫-১৩০ গ্রাম।