
পূর্ব জুরাইনের হাজি খোরশেদ আলী সরদার সড়ক। জুরাইন রেলগেটের কাছ থেকে শুরু হয়ে সড়কটি চেয়ারম্যানবাড়ি মোড় হয়ে মিশেছে জিয়া সরণিতে। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই সড়ক পূর্ব জুরাইনের বাসিন্দাদের চালাচলের প্রধান পথ। কিন্তু বছরের বেশির ভাগ সময় এই সড়কে পানি জমে থাকে। এতে খুব প্রয়োজন ছাড়া এই সড়ক দিয়ে চলাচল করতে চান না, বাধ্য না হলে কেউ হাঁটেন না।
এই সড়কের অর্ধেক অংশ পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৩ নম্বর ওয়ার্ডে এবং বাকি অংশ পড়েছে দক্ষিণ দনিয়া ইউনিয়নে। দনিয়া সম্প্রতি ডিএসসিসিতে যুক্ত হয়েছে।
গত শুক্রবার দেখা যায়, নোংরা আর দুর্গন্ধযুক্ত কালো পানিতে ডুবে আছে পুরো সড়ক। বৃষ্টির পানির সঙ্গে যোগ হয়েছে নালার পানি। যেখানে সেখানে ভাসছে নানা আবর্জনা।
স্থানীয় লোকজন বলছেন, সড়কের এই জলাবদ্ধতা প্রায় দেড় যুগ পুরোনো। কিন্তু চার-পাঁচ বছর ধরে সমস্যা তীব্র হয়েছে। জনপ্রতিনিধিদের বলেও কোনো লাভ হয়নি।
স্থানীয় লোকজন বলেন, আশপাশের এলাকার চেয়ে এই এলাকা নিচু। বৃষ্টি হলে আশপাশের পানি জমে এই এলাকায়। সিটি করপোরেশন ও ওয়াসার অন্তর্ভুক্ত হলেও এই এলাকায় কোনো পয়োনিষ্কাশনব্যবস্থা ও পানিনিষ্কাশন নালা নেই। আশপাশের খালগুলোও ভরাট হয়ে গেছে। তাই জলাবদ্ধতা দূর হচ্ছে না। নোংরা পানির কারণে এমন অবস্থা দাঁড়িয়েছে যে বাধ্য না হলে কেউ বাসা থেকে বের হন না।
জানতে চাইলে ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নূর হোসেন বলেন, ভরাট খালগুলো পরিচ্ছন্ন করার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের এবং পয়োনিষ্কাশনব্যবস্থা ও পানিনিষ্কাশন নালা তৈরির দায়িত্ব ওয়াসার। প্রতিষ্ঠান দুটি তাদের কাজ করলে জলাবদ্ধতার সমস্যা কিছুটা হলেও কমবে। তিনি বলেন, জলাবদ্ধতার সমস্যা কাটাতে বিভিন্ন সময় এই সড়কে মাটি ফেলে পাঁচ-ছয় ফুট উঁচু করা হয়েছে। কিছুদিনের মধ্যেই আবারও সড়কটি উঁচু করা হবে। সমস্যার আপাতসমাধানে স্থানীয় উদ্যোগে পাম্প দিয়ে পানি অন্য জায়গায় ফেলা হয় এবং ওয়াসার পক্ষ থেকেও একটি পাম্প দিয়ে পানি টেনে সিদ্ধিরগঞ্জ এলাকায় ফেলা হয়।
এই এলাকায় পয়োনিষ্কাশনব্যবস্থা ও পানিনিষ্কাশন নালা না থাকার কথা স্বীকার করেছেন ওয়াসার (জোন ৭) নির্বাহী প্রকৌশলী আবির হোসেন। তিনি বলেন, রাজধানীর মাত্র ৩০ শতাংশ এলাকায় ওয়াসার পয়োনিষ্কাশনব্যবস্থা আছে। অন্য কোথাও নেই। নিকট ভবিষ্যতে এই এলাকায় পয়োনিষ্কাশনব্যবস্থা বা পানিনিষ্কাশন নালা তৈরির কোনো সম্ভাবনাও নেই বলে তিনি জানিয়েছেন।
এলাকা ঘুরে দেখা যায়, রাজধানীর অন্যান্য সড়কের মতো এই সড়কেরও দুপাশ ঘেঁষে তৈরি করা হয়েছে বাড়ি, ছোট-বড় দোকান ও দুটি বাজার। সড়কে নোংরা পানি থাকায় অধিকাংশ দোকানেই ক্রেতা নেই।
এলাকায় তিতাস, কুতুবখালী, শ্যামপুর ও সবুজবাগ খাল নামে চারটি খাল আছে। সরেজমিনে দেখা গেছে, প্রতিটি খালই আবর্জনায় পূর্ণ।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (ঢাকা পৌর বিভাগ) সরকার নজরুল ইসলাম বলেন, খালগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।