হাওরে লালমুড়ি হাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেচুয়ামারা বিলে লালমুড়ি হাঁস। ক্যামেরায় ধরা পড়ে গত ২৩ ফেব্রুয়ারি। ছবি: লেখক
লেচুয়ামারা বিলে লালমুড়ি হাঁস। ক্যামেরায় ধরা পড়ে গত ২৩ ফেব্রুয়ারি। ছবি: লেখক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাইক্কার বিলে ২০১৪ সালে প্রথম দেখি পাখিটিকে। এর আগে কানাডার গুয়েলপের ‘কোর্টরাইট ওয়াটারফাউল পার্ক’–এ হাঁসটিকে দেখেছিলাম। এদের মূল আবাসস্থল ইংল্যান্ডের বাকিংহামে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে দেখতে পেয়েছি একটি লেকে, বেশ কাছ থেকে। ছবিও তুলেছি। কিন্তু বাইক্কার বিল, টাঙ্গুয়ার হাওর বা রাজশাহীর পদ্মা—কোথাও কাছ থেকে এদের ছবি তুলতে পারিনি। এ বছরের ২৩ ফেব্রুয়ারি ফের দেখলাম টাঙ্গুয়ার হাওরে। ছবিও তুলি সেখানে।

পাখিটির নাম লালমুড়ি হাঁস। এটি দুর্লভ পরিযায়ী। ইংরেজি নাম কমন বা নর্দান পোচার্ড। বৈজ্ঞানিক নাম Aythya ferina.   

হাঁসটি লম্বায় ৪২-৪৯ সেন্টিমিটার। ওজন ২৪০ গ্রাম। হাঁসা ও হাঁসির পালকের রঙে পার্থক্য থাকে। সেটাই তাদের চেনার উপায়। প্রজননকালে হাঁসার মাথা ও ঘাড়-গলা হয় তামাটে। পিঠ, ডানার উপরিভাগ ও পেট সাদাটে-ধূসর। বুক, কোমর এবং লেজের ওপর ও নিচ কালো। লম্বা ধূসর ঠোঁটের আগাও কালো। চোখ লালচে। পা, পায়ের পাতা ও নখ নীলচে-ধূসর। প্রজননকাল বাদে অন্য সময় হাঁসার পিঠ বাদামি-ধূসর, বুক বাদামি-কালো ও দেহতল কালচে-বাদামি।

আর হাঁসির রং ধূসর; এর বুক ও দেহতল অনুজ্জ্বল দারুচিনি বা তামাটে-বাদামি। মুখ ও চক্ষুরেখা ফ্যাকাশে। পা ও পায়ের পাতা কমলা-হলুদ।       

শীতে এরা ছোট, বড় বা অন্য হাঁসের মিশ্র দলে এ দেশের বিভিন্ন হাওর ও বিলে বিচরণ করে। পানিতে সাঁতার কেটে ও ডুব দিয়ে জলজ উদ্ভিদবীজ, কুঁড়ি, কীটপতঙ্গ, শামুক-গুগলি, ব্যাঙ, ছোট মাছ ইত্যাদি খায়। হাঁসা নিচু স্বরে ‘হিস-হিস...’ ও হাঁসি উচ্চ স্বরে ‘করর্-করর্...’ শব্দে ডাকে।

এপ্রিল থেকে মে মাস এদের প্রজননকাল। এ সময় মূল আবাস ইউরোপ, মধ্য এশিয়া ও সাইবেরিয়ার দ‌ক্ষিণাঞ্চলে লম্বা ঘাস ও নলখাগড়ার মধ্যে নল বিছিয়ে হাঁসি তার ওপর বুকের পালক দিয়ে বাসা বানায়। জলপাই রঙের ৬ থেকে ১৪টি ডিম পাড়ে। হাঁসি একাই তা দেয়। ২৪ থেকে ২৮ দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা হয়। এরা সাত থেকে আট বছর বাঁচে।