হাওরের পর এবার ডুবল উঁচু এলাকার ফসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিবৃষ্টিতে হাওরের পর এবার কিশোরগঞ্জের উঁচু এলাকার ফসলও তলিয়ে গেছে। গরুকে খাওয়ানোর জন্য কাঁচা ধানগাছ কেটে নিয়ে যাচ্ছেন কয়েকজন কৃষক। গতকাল দুপুরে তাড়াইল উপজেলার কাউড়াবন্দ থেকে ছবিটি তোলা l প্রথম আলো
অতিবৃষ্টিতে হাওরের পর এবার কিশোরগঞ্জের উঁচু এলাকার ফসলও তলিয়ে গেছে। গরুকে খাওয়ানোর জন্য কাঁচা ধানগাছ কেটে নিয়ে যাচ্ছেন কয়েকজন কৃষক। গতকাল দুপুরে তাড়াইল উপজেলার কাউড়াবন্দ থেকে ছবিটি তোলা l প্রথম আলো

হাওরের ফসল ডুবে যাওয়ার পর টানা বৃষ্টির কারণে ও নদীর পানি বেড়ে এবার কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিভিন্ন উঁচু এলাকার ধানখেতও ডুবে গেছে। স্বপ্নের ফসল চোখের সামনে তলিয়ে যেতে দেখে হাহাকার করছেন তাড়াইল উপজেলার হাজারো কৃষক। এলাকার অনেক কৃষক বলছেন, গত ৬০ বছরে তাঁরা এমন অবস্থা দেখেননি। কৃষি বিভাগ বলছে, অতিবৃষ্টির কারণে উপজেলার দেড় হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। 

গতকাল শুক্রবার সরেজমিনে উপজেলার কাউড়া বন্দে (উঁচু জমি)গিয়ে দেখা যায়, প্রায় ১ হাজার ২০০ একর জমির ধান গত বুধ ও বৃহস্পতিবার অতিবৃষ্টির কারণে ডুবে গেছে। উপজেলার দিগদাইড় ও দামিহার ইউনিয়নের ১০টি গ্রামের প্রায় দুই হাজার কৃষকের জমির ধানগাছ তলিয়ে গেছে। এ ছাড়া বাদাম, মরিচসহ অন্যান্য ফসলও ডুবে গেছে। কৃষকেরা ১৫ দিন ধরে কঠোর পরিশ্রম ও প্রায় তিন লাখ টাকা খরচ করে কাউড়া বাঁধটি টিকিয়ে রাখার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে নরসুন্দা নদীর পানি উপচে বুধবার সন্ধ্যায় বাঁধটি ভেঙে বন্দেরসব জমি তলিয়ে যায়।

কাউড়া গ্রামে গিয়ে দেখা যায়, বাড়ির নারী-পুরুষ ও শিশুরা পানিতে ডুব দিয়ে কাঁচা ধান, বাদাম ও মরিচ তুলছে। কাঁচাধান নৌকায় তুলছিলেন কাউড়া গ্রামের কৃষক ফরিদ উদ্দিন (৬৫)। তিনি বলেন, ‘জীবনে অনেকবার বন্যার মুখোমুখি হয়েছি। কিন্তু অতিবৃষ্টির কারণে আমাদের এলাকারকৃষকেরাও এভাবে ফতুর হয়ে যায়, এই প্রথম দেখলাম।’ একই গ্রামের ইসব আলীর ছেলে হেলাল উদ্দিন ১৫ বছর আগে দুর্ঘটনায় এক পা হারান। ছয় সন্তানসহ আটজনের পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছিলেন তিনি। সুখের আশায় এবার ঋণ করে জমি বর্গা নিয়ে ১৬ কাঠা জমিতে ধান আবাদ করেছিলেন। দুই কাঠা পরিমাণ জমির ধান ঘরে তুলতেই বাকি সব জমি পানিতে তলিয়ে যায়। এখন তিনি পরিবারের ভরণপোষণসহ ঋণ পরিশোধের চিন্তায় দিশেহারা। 

কৃষক কাজল মিয়া ১৫ জন শ্রমিক ঠিক করে রেখেছিলেন বৃহস্পতিবার ধান কাটার জন্য। কিন্তু বুধবার সন্ধ্যায় বাঁধ ভেঙে তাঁর ২০ কাঠা জমির ধান তলিয়ে যাওয়ায় তিনি দিশেহারা। একই অবস্থা এলাকার জাহের মিয়া, আল আমিন, আবদুল মান্নানসহ অনেক কৃষকের।

জেলা পরিষদের সদস্য ও দামিহা ইউনিয়নের বাসিন্দা এ কে মাইনুজ্জামান নবাব বলেন, ‘অন্যান্য বছর এ সময় আমাদের এলাকার নদীতে ঠিকমতো গোসলের পানিও পাওয়া যেত না। আর এবার অতিবৃষ্টিতে নদী ভরাট হয়ে পুরো বন্দ ডুবে ধানের জমি তলিয়ে যাওয়ার পাশাপাশি বাদাম, মরিচ, শাকসবজিসহ অন্যান্য ফসলও ডুবে গেছে। কৃষকদের এমন সর্বনাশ আমরা নিজেরা তো দেখিনি, এমনকি আমাদের বাপ-দাদার কাছে কখনো এমন কাহিনি শুনিনি।’

উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হুসেন বলেন, অতিবৃষ্টির কারণে উপজেলার জাওয়ার, দামিহা, ধলা, দিগদাইড়সহ কয়েকটি এলাকার প্রায় ১ হাজার ৫০০ হেক্টর জমির ধান ডুবে গেছে। এবার উপজেলায় ১০ হাজার ৪০ হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছিল।

এদিকে করিমগঞ্জসহ হাওরাঞ্চলের ফসল হারানো কৃষকেরা ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত করিমগঞ্জে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ মেডিকেল কলেজের সামনের সড়কে কিশোরগঞ্জ জেলা নাগরিক সমাজ নামে একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।