বাড়ির পাশে হাওরে ১৯ একর জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন আবদুল আজিদ। পাঁচ থেকে ছয় শ মণ ধান পাওয়ার কথা। এই ধান বেচে মেয়েকে বিয়ে দেওয়া এবং বাড়িতে একটি নতুন ঘর তোলার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু পাহাড়ি ঢলে হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে শুধু ধান নয়, ভেসে গেছে তাঁর স্বপ্নও। এখন সারা বছর খেয়ে পরে কী করে বেঁচে থাকবেন, সেই দুশ্চিন্তা তাঁকে তাড়া করছে। গোয়ালের গরু বিক্রি করে আপাতত দিন চালানোর চেষ্টা করছেন তিনি।
কৃষক আজিদের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের রাধানগর গ্রামে। গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, গ্রামটি খরচার হাওরের উত্তর-পূর্বপাড়ে অবস্থিত। এ গ্রামে শতাধিক হিন্দু-মুসলিম পরিবারের বাস। সবাই কৃষিজীবী। হাওরের বোরো জমির ধান দিয়েই চলে তাঁদের সংসারের সব খরচ। গ্রামের বেশির ভাগ বাড়িঘরের বেড়া মাটির, ওপরে টিনের চাল। কয়েকটি আধা পাকা বাড়িও আছে। বেশির ভাগ বাড়িঘরই দক্ষিণমুখী। যেন হাওরের দিকে তাকিয়ে আছে। উঠানে দাঁড়ালেই হাওরের দখিনা বাতাস এসে গায়ে লাগে। চোখে পড়ে হাওরের থই থই পানি। কোথাও ৫ ফুট আবার কোথাও ১০ ফুট পানির নিচে পড়ে এত দিনে পচে গেছে ধানগাছ।
হাওরের উত্তাল ঢেউ থেকে রক্ষা পেতে রাধানগর গ্রামের বাড়িঘরের উঠানের নিচ থেকে সারি সারি হিজল-করচের গাছ লাগানো হয়েছে। ভরা বর্ষায় এসব গাছ ঢেউয়ের কবল থেকে বুকে আগলে রেখে গ্রামটিকে রক্ষা করে। এসব হিজল-করচের সারির পাশেই চোখে পড়ে নতুন করে দেওয়া একটি ফসল রক্ষা বাঁধ। আলুথালু মাটি ফেলে অর্ধেক কাজ করে চলে গেছেন ঠিকাদারের লোকজন।
শুধু আবদুল আজিদ কিংবা তাঁর গ্রামের মানুষেরাই নন, বছরের একমাত্র ফসল হারিয়ে সুনামগঞ্জের দুই লাখ কৃষক পরিবার এখন সর্বস্বান্ত। যে কৃষকেরা খেতের ধান ঘরে তুলেই সারা বছর ‘রাজার হালে’ চলতেন, এখন তাঁরা নিঃস্ব।
গত মঙ্গলবার দুপুরে আজিদের বাড়িতে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বললেন, এবার বাড়ির পাশের খরচার হাওরে ১৯ একর জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন। এর মধ্যে চার একর তাঁর নিজের। সাত একর অর্ধেক বর্গা চাষ করেছিলেন। আর আট একর নিয়েছিলেন নগদ টাকায়। এই আট একর জমির ধান চাষে এক বছরের জন্য ৪২ হাজার টাকা দিতে হয়েছে জমির মালিককে। চাষ বাদে তাঁর খরচ হয়েছে পৌনে দুই লাখ টাকা। তাঁর পরিবারের সদস্যসংখ্যা ১০। এর মধ্যে তিন ছেলেকে নিয়েই এসব জমি চাষাবাদ করেন। তাঁর সব জমির ধান এখন পানির নিচে। এবার একমুঠো ধানও গোলায় তোলা হলো না। গত বছর পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাঁর অর্ধেক জমির ধান।
আবদুল আজিদ বলেন, ব্যাংকে তাঁর কৃষিঋণ আছে ২০ হাজার টাকা। এর বাইরে ধারদেনা আছে আরও ৫০ হাজার টাকা। এখন কীভাবে এই ঋণ শোধ করবেন আর একটি বছর পরিবার-পরিজন নিয়ে চলবেন, সেই দুশ্চিন্তায় ঘুমাতে পারছেন না।
একই গ্রামের কৃষক জালাল উদ্দিনের চার একর জমির ধান তলিয়ে গেছে। তাঁর এক ছেলে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এক মেয়ে একাদশ শ্রেণিতে পড়ে। পরিবারে মোট সদস্য ১১। তিনি বলেন, ফসলডুবির পর ঘরে থাকা তিনটি গরুর মধ্যে দুটি গত সপ্তাহে বিক্রি করেছেন। সেই টাকায় কিছু ঋণ শোধ করেছেন। ছেলেমেয়ের লেখাপড়া, ঘরের সব খরচ এই ধান থেকেই আসে। কিন্তু এবার তো এক ছটাক ধানও পাননি। তিনি বলেন, ‘আমরার বড় সমস্যা অইল কোনো কাজেও যাইতাম পারতাম না, কারও কাছে হাতও পাততাম পারতাম না।’
আরেক কৃষক মতিউর রহমান বলেন, তাঁর সবচেয় বড় কষ্ট, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যদি সময়মতো ফসল রক্ষা বাঁধের কাজ করত, তাহলে কিছুটা হলেও ফসল রক্ষা পেত। তাঁরা মনকে সান্ত্বনা দিতে পারতেন। কিন্তু বাঁধের কাজে সীমাহীন গাফিলতি হয়েছে। তাঁর ক্ষোভ, এবার অসময়ে ঢল এসেছে, বেশি পরিমাণে বৃষ্টি হয়েছেÑসব ঠিক আছে, কিন্তু বাঁধের কাজ তো হয়নি। এ কারণেই তাঁদের এত বড় সর্বনাশ হয়েছে।
গ্রামের মুরব্বি কামাল হোসেন (৭০) বলেন, রাধানগর গ্রামের শতাধিক পরিবারের সবার অন্ন, বস্ত্র জোটে ওই ধান থেকে। ঘরে ধান উঠলে হাওরের নয়া পানিতে তাঁরা মাছ ধরতেন। গ্রামে জারি সারি আর ভাটিয়ালির আসর বসত। হাওরে নৌকাবাইচ হতো। কত রঙেঢঙে তাঁদের দিন কাটত। এবার কিনা সব কৃষককে শূন্য হাতে হাওর থেকে ফিরতে হয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, শুধু বিশ্বম্ভরপুর উপজেলা নয়, পুরো সুনামগঞ্জ জেলার কৃষকদের একই অবস্থা। একটি বছর সীমাহীন কষ্টে কাটাতে হবে হাওর অঞ্চলের কৃষকদের। কৃষকেরা কম দামে গবাদিপশু বিক্রি করছেন। মাসখানেক পর পরিস্থিতি আরও খারাপ হবে। হাওর এলাকাজুড়ে দেখা দেবে অভাব।
সুনামগঞ্জে চলতি বছর ২ লাখ ২৩ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। গতকাল পর্যন্ত জেলা কৃষি কার্যালয়ের হিসাবমতে, পাহাড়ি ঢল ও ফসল রক্ষা বাঁধ ভেঙে ১৪০টি হাওরের ২ লাখ ৯৬ হাজার ৪৫৪ একর জমির বোরো ধান তলিয়ে গেছে। তবে স্থানীয় কৃষকেরা বলছেন, এ জেলার ৯০ শতাংশ বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাউবো হাওরের এই ফসল রক্ষায় ৬৮ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করছে। কৃষকদের অভিযোগ, বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়া এবং কাজে পাউবো ও ঠিকাদারদের অনিয়মের কারণেই হাওরে এই অসময়ে ফসলহানি ঘটেছে।