গত কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হাকালুকি হাওরে পানি বেড়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাওরপারের সুজানগর, তালিমপুর, বর্ণি ও দাসেরবাজার ইউনিয়নের অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরে পানি ওঠায় সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালিমপুর ইউনিয়নের হাকালুকি উচ্চবিদ্যালয়, দ্বিতীয়ারদেহী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে প্রায় ৩০টি পরিবারকে আশ্রয় নিতে দেখা গেছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, পানি ওঠায় সুজানগর ইউনিয়নের দশঘরি, রাঙ্গিনগর, বাড্ডা, ঝগড়ি, পাটনা, ভোলারকান্দি, উত্তর বাঘমারা; তালিমপুর ইউনিয়নের হাল্লা, ইসলামপুর, কুটাউরা, বাড্ডা, নুনুয়া, পাবিজুরি, শ্রীরামপুর, মুর্শিবাদকুরা, পশ্চিম গগড়া, পূর্ব গগড়া, বড়ময়দান, গাগড়াকান্দি, তেলিমেলি, গোপালপুর, হাউদপুর; বর্ণি ইউনিয়নের পাকশাইল, সৎপুর, কাজিরবন্দ, নোওয়াগাঁও, উজিরপুর এবং দাসেরবাজার ইউনিয়নের চানপুর, অহিরকুঞ্জি, উত্তর বাগীরপাড়, দক্ষিণ বাগীরপাড়, পানিশাইল, ধর্মদেহী, চুলারকুড়ি, কোদালী, ধলিরপাড়, নেরাকান্দি, মাইজমজুড়ি, মালিশ্রী ইত্যাদি গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
তালিমপুর ইউনিয়নের হাকালুকি উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেওয়া বড়ময়দান গ্রামের কামাল হোসেন, মুর্শিবাদকুরা গ্রামের জাকির হোসেন, বাবুল উদ্দিনসহ কয়েকজন জানান, অকালবন্যায় আগে ধান ও মাছ মারা গেছে। এখন পানি বাড়ায় আবার নতুন করে দুর্ভোগে পড়েছেন তাঁরা। বড়ময়দান গ্রামের বাসিন্দা জিতেন্দ্র বিশ্বাস বলেন, ‘বন্যার পানিতে ঘর অর্ধেক ডুবি গেছে। বউ-বাইচ্চারে শ্বশুরবাড়ি পাঠাই দিছি। নিজে অন্যের বাড়িত আশ্রয় নিছি।’
এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ আল মামুন গতকাল বলেন, ‘ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল ও কিছু নগদ অর্থও দেওয়া হবে। আমরা পরিস্থিতির সম্পর্কে সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।’