হাট-বাজারে ভোগান্তির শেষ নেই

রংপুরের তারাগঞ্জের অধিকাংশ হাট-বাজারে গণশৌচাগার নেই। ময়লা-আবর্জনা ফেলে রাখা হয় যত্রতত্র। সংস্কারের অভাবে চারটি হাটের মাংস বিক্রির শেড ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে ক্রেতা ও বিক্রেতারা দুর্ভোগ পোহাচ্ছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রংপুরের তারাগঞ্জ উপজেলায় ১৮টি হাট-বাজার আছে। বছরে এসব হাট-বাজার ইজারা দিয়ে প্রায় দুই কোটি টাকার রাজস্ব আয় হয় সরকারের। এলাকাবাসীর অভিযোগ, রাজস্ব আয়ের টাকা বাজারগুলোর উন্নয়নে ব্যয় করার কথা থাকলেও তা হচ্ছে না।
তারাগঞ্জ সদর বাজারের পর সবচেয়ে বড় হাট ইকরচালী। সরেজমিনে দেখা গেছে, হাটটি বিশাল এলাকা নিয়ে গঠিত। কিন্তু এখানে পানিনিষ্কাশনের নালা নেই। নেই গণশৌচাগার। এ কারণে হাটে আসা ক্রেতা-বিক্রেতা প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে সমস্যায় পড়েন। বাধ্য হয়ে অনেকেই প্রাকৃতিক কাজকর্ম সারেন খোলা স্থানে। এ কারণে হাটের পরিবেশ দূষিত হচ্ছে।
হাটের কয়েকজন ব্যবসায়ী জানান, ২০ বছর আগে মাংস বাজারের একটি শেড নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় শেডের চালের টিন ফুটো হয়ে গেছে। পিলারগুলোর পলেস্তারা খসে পড়ে লোহার রড বের হয়ে আছে। ওই বাজারের মুদি মালের দোকানি আমিনুল হক দাবি করেন, ইজারাদারের মাধ্যমে উপজেলা প্রশাসন শুধু টাকা নেয়। কিন্তু বাজারের উন্নয়নের কোনো পদক্ষেপ নেয় না।
বালাবাড়ীর হাটে গিয়ে দেখা গেছে, গণশৌচাগার নেই, মাংস বিক্রির শেডটিও ঝুঁকিপূর্ণ। ওই বাজারের চাল ব্যবসায়ী মিলন রহমান জানান, এ হাটে গণশৌচাগার তৈরি করা হয়নি। ফলে হাটের ব্যবসায়ী ও ক্রেতাদের মলমূত্র ত্যাগ করতে হচ্ছে খোলা আকাশের নিচে।
মাংসবিক্রেতা মিজানুর রহমান জানান, বৃষ্টি এলে মাংস বিক্রির শেডের টিনের ফুটো দিয়ে পানি পড়ে। পিলারগুলোর পলেস্তারা খসে পড়ছে। মনে হয় এই বুঝি ঘর ভেঙে মাথায় পড়ছে।
ডাঙ্গীরহাট বাজারে একটি গণশৌচাগার থাকলেও সেটার অবস্থা নাজুক। মাংস বিক্রির শেডটিও জরাজীর্ণ। ওই বাজারের পানের দোকানি আবদুল জলিল বলেন, ‘ তিনি বছর থাকি (ধরে) বাজারের কোনার (কোনো) উন্নয়ন হয় নাই। গণশৌচাগারটি নষ্ট হওয়ায় হামাক পায়খানা করবার নাগেছে খোলা আকাশের নিচে।’
তারাগঞ্জের হাটের চিত্র আরও করুন। একটি গণশৌচাগার থাকলেও তার অবস্থা খুবেই নাজুক। সোম ও শুক্রবার হাটের দিন লোকজন লাইন ধরে প্রাকৃতিক কাজ সারেন। বাজারের পানিনিষ্কাশনের নালাগুলো ময়লা-আবর্জনা পড়ে বন্ধ হয়ে গেছে।
ওই বাজারের কাপড়বিক্রেতা আবু বক্কর জানান, হাটের ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় দুর্গন্ধে ভালোভাবে ব্যবসা করা যাচ্ছে না। হাটে আদা বিক্রি করতে আসা অনন্তপুর গ্রামের মোরাদুল ইসলাম বলেন, ‘ভাইজান সরকার খালি হামারটে টাকা নেয়। কিন্তুক হামার দুঃখ-কষ্ট দেখে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মওলা জানান, গত অর্থবছরে তারাগঞ্জ হাটের মাংস বিক্রির শেডটি সংস্কার করাসহ বেশ কিছু উন্নয়নমূলক কাজ করা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘ইকরচালী, ডাঙ্গীরহাট, বালাবাড়ী হাটের সমস্যার বিষয়টি মাথায় আছে। পরিকল্পনা করে পর্যায়ক্রমে এ হাটগুলোর সমস্যা সমাধান করা হবে।’