
‘জু অ্যান্ড ওয়াইল্ডলাইফ প্র্যাকটিস’ কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে পেশাগত কাজে ১ ডিসেম্বর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় গেলাম। জু অফিসের সামনে এসে নজর গেল পাশের সারস পাখিদের পক্ষিশালার (এভিয়ারি) দিকে। পক্ষিশালার বেড়ার ভেতরে এক জোড়া বড় সারসের ওপর চোখ পড়ল। কার্নিশে চটের আড়ালে খড়-কুটার ওপর বসে আছে একটি পাখি। অন্যটি পাহারায় আছে। বুঝতে অসুবিধা হলো না কী অসম্ভব এক আনন্দের সংবাদ আসছে কিছুদিনের মধ্যেই!
পাঁচ বছর আগে পক্ষিশালার এই কামরা থেকেই একটি পাখির ছবি তুলেছিলাম। এটি সেই পাখি কি না, জানি না। সেবার ওরা চারটি ডিম পেড়ে দুটি বাচ্চার জন্ম দিয়েছিল। পুরো পক্ষিশালা চক্কর দিয়ে ছয়টি পাখির দেখা পেলাম। পাখির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল জানালেন, গত বছর তিনটি ডিম পেড়েছিল, যা থেকে তিনটি বাচ্চা হয়েছিল, যার একটি পরে মারা যায়। বাকি দুটি বেশ বড় হয়ে গেছে। এবারও স্ত্রী পাখিটি তিনটি ডিম পেড়েছে দিন সাতেক হলো। এদের এই ডিম পাড়া ও বাচ্চা তোলা দেখে আশা জাগে যে একদিন হয়তো আমরা এ দেশের প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া এই পাখিদের আবারও প্রকৃতিতে বিচরণ করতে দেখব!
ওরা এ দেশের সাবেক আবাসিক সারস পাখি হাড়গিলা (Greater Adjutant, Greater Adjutant Stork)। বড় মদনটাক নামেও পরিচিত। Ciconiidae গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম leptoptilos dubius।
হাড়গিলা বড় আকারের জলচর পাখি। দৈর্ঘ্যে ১২০-১৫০ সেন্টিমিটার, ওজনে সাড়ে ৪ থেকে ৮ কিলোগ্রাম। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম। প্রাপ্তবয়স্ক পাখির মাথা ও ঘাড়ে মদনটাকের (Lesser Adjutant) মতো পালক নেই। মাথার চাঁদির সামনের অংশ কালচে। নলাকৃতির গলাটি হলুদ এবং সেখানে ঝোলে বেগুন আকারের গোলাপি লম্বা থলে, যাতে রয়েছে কালচে ছিট-ছোপ। পিঠ কালচে-ধূসর। ঘাড়ের নিচ ও পিঠের ওপরের কিছু পালক সাদা। ডানা ও কাঁধ-ঢাকনি হালকা ধূসর। বুক, পেট ও লেজের তলা রুপালি-সাদা। প্রজনন ঋতুতে ডানার বড় পালক-ঢাকনি রুপালি-ধূসর হয় ও লেজ কালো। চোখ হলদে। ঠোঁট সবুজাভ, যার গোড়া লালচে। পা ও পায়ের পাতা ফিকে ধূসর।
হাড়গিলা একসময় এ দেশে স্থায়ীভাবে বসবাস করত। মূলত ঢাকা বিভাগে দেখা যেত। কিন্তু ১৯৫৪ সালের পর এদের এ দেশের কোথাও দেখা যায়নি, যদিও ২০০২ সালে তিনটি পাখিকে দেখা গিয়েছিল, যারা সম্ভবত পাশের দেশ থেকে এসেছিল। সে কারণে আইইউসিএন বাংলাদেশ (IUCN Bangladesh) ২০১৫ সালে এদের এ দেশে বিলুপ্ত (Regionally Extinct) বলে ঘোষণা করেছে। বর্তমানে বিশ্বে এরা বিপন্ন বলে বিবেচিত। সারা পৃথিবীতে দুই হাজারের কম বেঁচে আছে, যার প্রায় অর্ধেকের বাস আসামে। বর্তমানে এরা মূলত ভারত, কম্বোডিয়া, নেপাল, থাইল্যান্ড ও ভিয়েতনামে বাস করে। তবে মূলত ভারতের আসাম ও কম্বোডিয়ায় প্রজনন করে।
এরা সচরাচর বন্যাপ্লাবিত মাঠ, হ্রদ, জলাভূমি, ডোবা, খাল, গরান বন ও নিচু বাদাজমিতে ছোট দলে বিচরণ করে। আকাশে উড়ে উড়ে খাবার খোঁজে ও পানির ধারে বা স্বল্প পানিতে হেঁটে হেঁটে খায়। মৃত প্রাণীর মাংস, মাছ, ব্যাঙ, ইঁদুর ইত্যাদি পছন্দ।
সেপ্টেম্বর-জানুয়ারি প্রজননকাল। ডিমের রং সাদা ও সংখ্যা ৩-৪টি। ডিম ফোটে ২৮-৩০ দিনে। মা-বাবা দুজনেই ডিমে তা দেয় ও বাচ্চাদের বড় করে তোলে। পাঁচ মাসে উড়তে শেখে ও বাসা ছাড়ে। এরা ১৫ বছর বয়সে বয়ঃপ্রাপ্ত হয়। আবদ্ধাবস্থায় সর্বোচ্চ ৪৩ বছর বাঁচার রেকর্ড আছে।