হাতির হামলা থেকে রোহিঙ্গাদের বাঁচাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গা শিবির। প্রথম আলো ফাইল ছবি
রোহিঙ্গা শিবির। প্রথম আলো ফাইল ছবি

কক্সবাজারে হাতির আক্রমণ থেকে রোহিঙ্গা শরণার্থীদের বাঁচাতে উদ্যোগ নিয়েছে দুটি বেসরকারি সংস্থা। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে।

আজ শুক্রবার ইউএনএইচসিআর ও আইইউসিএন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাতির হামলা ঠেকানোর এই উদ্যোগই সংস্থা দুটির মধ্যকার প্রথম কোনো যৌথ পদক্ষেপ।

মূলত কক্সবাজারের দুটি নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প কুতুপালং ও বালুখালীকে কেন্দ্র করে সংস্থা দুটি তাদের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে। সংস্থা দুটির জরিপমতে, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চলাচলরত হাতিদের একটি রাস্তা বরাবর ক্যাম্প দুটি অবস্থিত। গত ছয় মাসে হাতির আক্রমণে এসব এলাকায় কমপক্ষে ১০ জন মানুষ নিহত হয়েছেন।

ইউএনএইচসিআর ও আইইউসিএন তাদের বিজ্ঞপ্তিতে এসব এলাকায় চলাচলরত হাতিদের ‘এশিয়ান’ প্রজাতির উল্লেখ করে বলে, এই প্রজাতির হাতিরা গুরুতরভাবে বিপন্ন, যাদের সংখ্যা আনুমানিক ২৬৮টি হবে।

আইইউসিএন কক্সবাজারের ৭০ বর্গকিলোমিটার পাহাড়ি এলাকাজুড়ে ইতিমধ্যে একটি জরিপ চালিয়েছে। এতে রোহিঙ্গা শরণার্থীদের শিবির এলাকায় হাতিদের ঘন ঘন উপস্থিতির চিত্র উঠে আসে। জরিপে বলা হচ্ছে, শুধু পশ্চিম সীমান্তেই ৪৫টি হাতি সক্রিয়।

জরিপ প্রতিবেদনে আইইউসিএন বলে, ‘আচরণগতভাবে নিয়মিত চলাচলের জন্য হাতি সর্বদাই চিরাচরিত পথ ব্যবহার করে থাকে। এই চলাচলের পথে তারা যদি কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, তারা সেটাকে ভেঙে ফেলার চেষ্টা করে।’
কুতুপালং ও বালুখালী শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গা এবং এর আশপাশের এলাকায় বসবাসরত বাঙালিরা হাতিদের আক্রমণের উচ্চঝুঁকির মধ্যে রয়েছে।

হাতির হামলা থেকে মানুষকে রক্ষা করতে প্রাথমিকভাবে দুটি পরিকল্পনা হাতে নিয়েছে দুই সংস্থা। এর মধ্যে একটি হলো শরণার্থীশিবিরের চারদিকে ওয়াচ-টাওয়ার স্থাপন। অন্যটি হলো এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি)। ইতিমধ্যে এ দল গঠন করা হয়েছে বলেও জানান আইইউসিএনের বাংলাদেশ প্রতিনিধি রাকিবুল আমিন। প্রতিটি টিমে ১০ জন করে সদস্য থাকছেন, যাঁদের কাজ হবে সংশ্লিষ্ট এলাকাটি পালাক্রমে পাহারা দেওয়া। পাশাপাশি হাতিদের চলাচলের রাস্তাগুলো এমনভাবে চিহ্নিত করা হবে যাতে করে স্থানীয় লোকজন সহজেই বুঝতে পারবে, কোনটি হাতি চলাচলপ্রবণ রাস্তা।

অন্যদিকে হাতির জন্য নির্দিষ্ট প্রবেশপথ তৈরি করতে আইইউসিএন হাতি-বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে। এসব পথ তৈরি হলে হাতিরা নির্দিষ্ট পথ ধরেই চলবে বলে সংস্থাটি মনে করছে।