হাতিয়ায় ছয় কিলোমিটার বেড়িবাঁধ ভেঙেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র আঘাতে নোয়াখালীর হাতিয়া উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জলোচ্ছ্বাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় আড়াই হাজার পুকুর ও মাছের খামার ভেসে গেছে। উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে ঘরবাড়ি, গ্রামীণ রাস্তাঘাট।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝড়ের পর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজন বাড়িঘরে ফিরে গেছেন।
উপজেলার নলচিরা, চর ঈশ্চর, সুখচর ও তমরুদ্দি ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ছয় কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। ঝড় ও জলোচ্ছ্বাসে ৯ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো পাওয়া যায়নি। তবে ছয় কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। ৮০০ ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ৯ হাজার ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, জলোচ্ছ্বাসে হাতিয়ার ৫০০ মিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে গেছে, ৯ কিলোমিটার বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নে ৩০০ মিটার বাঁধ সম্পূর্ণ ভেঙে গেছে এবং এক কিলোমিটার বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলার ইউএনও মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ঘূর্ণিঝড়ে উপজেলার চর ফকিরা এলাকার দুটি বেড়িবাঁধের ক্ষতি হয়েছে। এ ছাড়া চর এলাহীরও বেড়িবাঁধের কিছু ক্ষতি হয়েছে।
সুবর্ণচর উপজেলার ইউএনও হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, ঝড়ে চরক্লার্ক ও মোহাম্মদপুর ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।