চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে হালদার ভাঙনে গত এক মাসে বসতভিটা হারিয়েছে ৩৯টি পরিবার। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীর ভাঙনে ঘরবাড়ি হারিয়েছে এই পরিবারগুলো। হালদার ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ক্ষতিগ্রস্তের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার তাঁরা ভাঙন প্রতিরোধে ঠিকাদারের গাফিলতির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুই বছর আগে নাঙ্গলমোড়া ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম অংশে হালদা নদীতে ভাঙন শুরু হয়। ওই সময় ২৫টি পরিবার বসতঘর হারিয়েছিল। পরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙন প্রতিরোধে ২০১৬-১৭ অর্থবছরে একটি ২০০ মিটার বাঁধ নির্মাণ ও ব্লক বসানোর প্রকল্পের কাজ শুরু হয়েছে। সেটির কাজ এখনো শেষ হয়নি।
চট্টগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া বলেন, কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি সরেজমিনে ৭ নম্বর ওয়ার্ডের আরবার আলী বলীর বাড়ি ও ৮ নম্বর ওয়ার্ডের টোনা গাজী চৌধুরীবাড়ি এলাকা ঘুরে দেখা যায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীর পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণে ভাঙনের চিহ্ন। কোনো বাড়ির পুরোটা, আবার কোনো বাড়ির আংশিক নদীগর্ভে হারিয়ে গেছে।
নদীতে ঘর হারানো ওবাইদুল কাদের প্রথম আলোকে বলেন, চোখের সামনে তাঁর বাড়ির একাংশ, নলকূপ ও গাছপালা নদী গিলে নিয়েছে। এখন তিনি পরিবার নিয়ে চাচার বাড়িতে আশ্রয় নিয়েছেন।
ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ পারভেজ বলেন, দ্রুত ভাঙন রোধ করা না গেলে এই দুটি ওয়ার্ড সম্পূর্ণ নদীগর্ভে চলে যাবে বলে তাঁর আশঙ্কা। হাটহাজারী উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত লোকদের তালিকা তৈরি করেছে বলেও তিনি জানান।
গতকাল ভাঙন প্রতিরোধে কাজ পাওয়া ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ভাঙনকবলিত এলাকার পাশে এই মানববন্ধন হয়। এতে উপস্থিত হাটহাজারী উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী বলেন, তিন বছরেও ঠিকাদার বাঁধ নির্মাণ করতে পারেননি। দ্রুত কাজ শেষ না হলে অবশিষ্ট স্থাপনাগুলোও বিলীন হয়ে যাবে।
মানববন্ধন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।