হিমেল বাতাসে পৌষের রোদমাখা শীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতে কুয়াশা আর সকাল পেরিয়েই আলো ঝলমলে সূর্যের আলো, সঙ্গে হিমেল হালকা বাতাস। এভাবে চলছে পৌষ মাস।
সকালবেলা পৌষের এই শীত কিন্তু বেশ কয়েক দিন ধরে কাঁপন দিচ্ছে। আজ ৫ পৌষ। কুয়াশার চাদরে ঢাকা ছিল ভোরবেলা। নয়টার পর থেকে অবশ্য কুয়াশা সরিয়ে উঁকি মারছে সূর্য।
এমন অবস্থা চলবে আরও কয়েক দিন। এ কথা জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সবে তো পৌষ মাস এল। তাই আরও কদিন শীত পড়বে।’
আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, পৌষের শীতের দাপট বেশি চলছে দেশের উত্তর-পশ্চিমাংশে। এই অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশে সবচেয়ে বেশি শীত পড়েছে দিনাজপুর জেলায়। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন যা ছিল চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি জানান, রাতের বেলা বেশ কুয়াশা ছিল। আজ বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই কুয়াশা সরে যেতে থাকে। সূর্য ওঠায় আকাশও এখন পরিষ্কার রয়েছে। মিষ্টি রোদে জনজীবন স্বাভাবিক রয়েছে।
আজ সকালের পূর্বাভাসে আবহাওয়া বিভাগ জানিয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সৈয়দপুর ও দিনাজপুর অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪। বৃহস্পতিবার যা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
দেশের সব বিভাগীয় শহরেই সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
গতকাল দক্ষিণ-পূর্বাঞ্চলের রাঙামাটি ও টেকনাফে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।