হিমেল হাওয়ায় শীতের নাচন
লেপের দোকানে এত দিন ছিল ধুলো-ময়লার প্রলেপ। শীত ছাড়া কি আর লেপ চলে? যেই না শীতের হাওয়া নাচন দিয়েছে, দোকানে তো বটেই, নিজের গায়েও ঝাড়া দিয়ে বসেছেন লেপ বিক্রেতা ইসলাম উদ্দিন। পঞ্চগড়ের এই ব্যবসায়ীর ফিরে গেছে দিন। শহরের কদমতলা সড়কের ধারে তাঁর লেপ-তোশকের দোকানে এখন রোজ গড়ে ১০টি করে লেপ বিক্রি হচ্ছে। একের পর এক আসছে ফরমাশ।
দেশের সবচেয়ে উত্তরের এই জেলায় উত্তুরে হাওয়া পাল তুলেছে। দুপুরে এক চিমটি রোদের আঁচ, এর পরই হু হু করে নামতে থাকে হিম। আসবেই তো। দেড় শ কিলোমিটার দূরেই হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা। এত শীত—গরম কাপড় ছাড়া ঘরের বাইরে পা দেওয়াই যায় না।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শুধু পঞ্চগড়েই নয়, সারা দেশেই শীত পড়তে শুরু করেছে। গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকালে সারা দেশের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা ছিল রাজশাহী, বগুড়া ও নওগাঁর বদলগাছিতে—১২ ডিগ্রি সেলসিয়াস।
দেশের উত্তরাঞ্চলের মতো মধ্যাঞ্চলেও তাপমাত্রা কমে আসছে। গতকাল রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আজ সকালে ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেছে। উত্তর-পশ্চিম দিক থেকে হিমেল বাতাস আসছে। এ কারণে শীত অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের সকালের পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরবেলায় নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। রাজধানীর ঢাকায় উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।