হুদহুদের প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টি, উপকূলে সতর্কতা
ঘূর্ণিঝড় হুদহুদ আজ দুপুর নাগাদ ভারতের অন্ধ্র ও ওডিশা উপকূলে আঘাত হানতে পারে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। ইতিমধ্যে এই দুই রাজ্যের কয়েক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
অতি প্রবল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশ উপকূলেও ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। ঝড়-জলোচ্ছ্বাসের আশঙ্কায় দেশের তিনটি বন্দর ও কক্সবাজার উপকূলকে তিন নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাবে গতকাল সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হয়েছে। আজও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে তিন ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। উপকূলীয় জেলাগুলোতে স্থানীয় প্রশাসনকে সতর্ক রাখা হয়েছে।
গতকাল সন্ধ্যা ছয়টা নাগাদ ঘূর্ণিঝড় হুদহুদ মংলা সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিমি দক্ষিণ-পশ্চিমে, পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৮০ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ২০ কিমি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। কক্সবাজার উপকূল থেকে তা ৯৭০ কিলোমিটার দূরে।
গতকাল সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়কেন্দ্রের ৭৪ কিমির মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিমি, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৭০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। ঘূর্ণিঝড়কেন্দ্রে সাগর খুবই উত্তাল রয়েছে।
ঝোড়ো হাওয়ার কারণে ইতিমধ্যে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপে এক হাজার ২০০ পর্যটক আটকা পড়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার তিনটি জাহাজ ও ২০টির বেশি কাঠের ট্রলারে করে ওই পর্যটকেরা টেকনাফ থেকে সেন্ট মার্টিন ভ্রমণে যায়।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন বলেন, আটকে পড়া প্রায় এক হাজার ২০০ জন পর্যটক দ্বীপের ৩২টি হোটেল ও কটেজে অবস্থান করছে। ঘূর্ণিঝড় নিয়ে তাদের অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় লোকজন জানান, গতকাল শনিবার সকালে সেন্ট মার্টিন থেকে একটি কাঠের ট্রলারে করে শতাধিক পর্যটক টেকনাফের উদ্দেশে রওনা দেয়। আধা ঘণ্টা পর ট্রলারটি সাগরের মাঝামাঝি (নাক্ষণদিয়া) চ্যানেলে পৌঁছলে প্রবল ঢেউয়ের কবলে পড়ে। একপর্যায়ে ট্রলারটি সেন্ট মার্টিনে ফিরে যায়।
ট্রলারের যাত্রী ঢাকার মানিকগঞ্জের বাসিন্দা আশরাফুল আলম বলেন, ‘বেলা ১১টার দিকে বাতাসের গতি বাড়লে ট্রলারটি ঢেউয়ের ধাক্কায় কয়েকবার উল্টে যাওয়ার উপক্রম হয়েছিল। সেন্ট মার্টিনে পুনরায় ফিরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলছি।’
সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. দেলোয়ার হোসেন বলেন, আর কোনো ট্রলার ছাড়তে দেওয়া হচ্ছে না।
কোস্টগার্ড টেকনাফ ও সেন্ট মার্টিন স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন কমান্ডার লে. কাজী হারুন অর রশিদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের টেকনাফে ফিরিয়ে আনা হবে।