
শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা গ্রামে ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে চলতি বর্ষা মৌসুমে নারায়ণখোলা দক্ষিণ জামে মসজিদ ও কবরস্থান বিলীন হয়েছে। বর্তমানে নারায়ণখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ১০ বাড়ি ভাঙনের মুখে। অথচ ভাঙনরোধে এখনো সরকারি পর্যায়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সরেজমিনে গত শুক্রবার নারায়ণখোলা গ্রামে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বছর ধরে বর্ষা মৌসুম এলেই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদের উত্তর প্রান্তে ভাঙন দেখা দেয়। এবারও বর্ষা মৌসুমে নদে পানি বাড়ায় প্রবল স্রোতে নারায়ণখোলা গ্রামে ভাঙন দেখা দেয়। গত এক সপ্তাহে ভাঙনে গ্রামের অর্ধশত বছরের প্রাচীন জামে মসজিদ ও কবরস্থানসহ বিপুল পরিমাণ ফসলি জমি ও গাছপালা নদে বিলীন হয়েছে। বর্তমানে নারায়ণখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ১০ বাড়ি ভাঙনের মুখে রয়েছে।
সরেজমিনে দেখা যায়, নদের ভাঙনে নারায়ণখোলা গ্রামের বিশাল অংশ নদ গ্রাস করে নিয়েছে। ভাঙনের ঝুঁকির মুখে থাকা কয়েকটি পরিবার ঘরবাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।
গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, গত দুই বছরে ভাঙনে অর্ধশত ঘরবাড়ি নদে বিলীন হয়েছে। বর্তমানে তাঁর বাড়িসহ ১০ বাড়ি হুমকির মুখে রয়েছে। তাঁরা এখন বাড়িঘর সরিয়ে নিচ্ছেন। এলাকাবাসী ভাঙন–আতঙ্কের মধে৵ রয়েছে।
ভাঙনের হুমকিতে থাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জহুরা বেগম বলেন, যেকোনো সময় বিদ্যালয়টি নদে বিলীন হয়ে যেতে পারে। এতে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়বে। ভাঙনের বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছেন।
নারায়ণখোলা এলাকার রুহুল আমিন বলেন, কয়েক বছর যাবৎই নদটি ভাঙছে। কিন্তু এ বছর ভাঙনের তীব্রতা বেশি। তবে ভাঙনরোধে সরকারি পর্যায় থেকে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোত ও শুকনো মৌসুমে খননযন্ত্র দিয়ে প্রভাবশালী মহলের অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নারায়ণখোলা গ্রামের ভাঙন তীব্র হয়েছে। তাঁরা ভাঙনরোধে সরকারি পর্যায়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, ভাঙনের বিষয়টি তিনি ইউএনওকে জানিয়েছেন। এ ছাড়া নদ থেকে বালু উত্তোলন বন্ধেরও নির্দেশ দিয়েছেন তিনি।
নকলার ইউএনও রাজীব কুমার সরকার বলেন, শিগগিরই তিনি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করবেন। এ ছাড়া ভাঙনের ঝুঁকিতে থাকা প্রাথমিক বিদ্যালয়টি স্থানান্তরের জন্য এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
অপরদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), জামালপুরের নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী গতকাল শনিবার বলেন, ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণে বর্তমানে পাউবোর কোনো প্রকল্প নেই। তবে এলাকাবাসীর কাছ থেকে আবেদন পেলে বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।