১১ গ্রামে ঈদের আনন্দ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত ১১ গ্রামের বাসিন্দাদের মধ্যে ঈদের আনন্দ নেই। পথঘাট, বাড়ির উঠান এখনো পানিতে তলিয়ে আছে। পুকুর, ঘেরের মাছ সব ভেসে গেছে। জোয়ারের পানি ঢুকে আটকে থাকায় গ্রামের বাসিন্দাদের জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।
দুই সপ্তাহ আগে রাবনাবাদ নদের জোয়ারের উচ্চচাপে লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া গ্রামের বন্যানিয়ন্ত্রণ বিকল্প বাঁধ ভেঙে যাওয়ায় চাড়িপাড়া, নাওয়াপাড়া, বানাতিপাড়া, চৌধুরীপাড়া, ধঞ্জুপাড়া, ছোট ৫ নম্বর, বড় ৫ নম্বর, মুন্সিপাড়া, মঞ্জুপাড়া, পশুরবুনিয়া ও ১১ নম্বর হাওলা গ্রাম প্লাবিত হয়। এসব গ্রামের আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। কৃষিজমিতে চাষাবাদ করার কোনো পরিস্থিতি নেই। পানি নিষ্কাশন না হওয়ায় স্থায়ী জলাবদ্ধতার মধ্যে পড়েছে ১১টি গ্রাম।
সরেজমিনে দেখা গেছে, কাদা পানিতে একাকার হয়ে আছে গ্রামগুলো। পানির চাপে অনেক ঘর হেলে পড়েছে। এর মধ্যে ৫০টি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে লালুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি)।
গ্রামের নারীদের নিজ ঘরের চৌকি বা টেবিলের ওপর চুলা বসিয়ে রান্না করতে দেখা গেছে। দুই-তিন গৃহস্থ পরিবার আবার এক চুলোয় রান্নার কাজ করছে। যাঁদের চুলা নেই তাঁদের কেউ কেউ অন্যের পাতিলে চাল দিয়ে ভাত রান্না করে নিচ্ছেন। এভাবে চলছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত চাড়িপাড়া গ্রামের মানুষের জীবন। চারদিকে জোয়ারের পানি আটকে থাকায় গ্রামের বাসিন্দারা কলাগাছের ভেলা বা ডিঙিতে করে চলাচল করছে।
চাড়িপাড়া গ্রামের কৃষক আবদুস সোবাহান হাওলাদার বলেন, ‘মোরা গরিব মানুষ। কাম কইর্যা সংসার চালাই। গ্যাছে কয় দিন ধইর্যা পানি থাহনে কোনো কামও করতে পারি না। কী যে কষ্টের মধ্যে আছি, হ্যা আল্লায়ই ভালো জানে।’
নাওয়াপাড়া গ্রামের নাজমা বেগম বলেন, ‘স্বামী-স্ত্রী যেরুম পারি চলি। তয় পোলাপানের মোনতো মানান যায় না। মোর তিনডা মাইয়া। আইজগো সকাল অইতে কয়, “মা, ঈদ আইয়া পড়ছে। আমাগো নতুন জামা কিন্যা দেবা না।” ক্যামনে দিমু কন। মোরা যে কী রহম আছি, হ্যা তো আমনেরাই দ্যাখলেন।’
এমন অবস্থা শুধু এদেরই নয়। ধঞ্জুপাড়া গ্রামের শাহিদা বেগম, চাড়িপাড়া গ্রামের পিয়ারা বেগম, পশুরবুনিয়া গ্রামের কুডু তালুকদার, বানাতিপাড়া গ্রামের তাসলিমা বেগম, চৌধুরীপাড়া গ্রামের রওশন আরা বেগমসহ আরও অনেকের।
লালুয়া ইউপি চেয়ারম্যান মীর তারিকুজ্জামান বলেন, ‘ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর বাসিন্দারা মানবেতর জীবন যাপন করছে। দরিদ্র মানুষজন এ কয় দিন কোনো কাজ করতে না পারায়, উপার্জনহীন হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘সরকারিভাবে দুই টন চাল বরাদ্দ করা হয়েছিল। তা দিয়ে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দিয়েছি। তাতে ২০০ পরিবারকে সহায়তা করতে পেরেছি। অথচ ১১টি গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা এক হাজার ২৭৬ জন। সামনে ঈদ। ক্ষতিগ্রস্ত এসব মানুষের জন্য বিশেষ বরাদ্দ দিলে অন্তত ঈদের সময় তাঁরা দুই বেলা খেতে পারতেন। আমি এঁদের জন্য সহায়তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি দরখাস্তও করেছি।’