প্রকল্পের মেয়াদ বাড়ানোর পরও রাজধানীর অন্যতম পরিবেশ দূষণকারী ট্যানারি শিল্প স্থানান্তর কার্যক্রম দীর্ঘ ১২ বছরেও বাস্তবায়িত হয়নি। কেবল ১০ শতাংশ প্রতিষ্ঠান ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শেষ করেছে।
গতকাল রোববার পরিবেশবাদী সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরা হয়। পবার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে হাজারীবাগের ট্যানারি শিল্প স্থানান্তর নিশ্চিত করতে শিল্পমালিকদের ওপর চাপ প্রয়োগ ও প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।
সাভারের চামড়া শিল্পনগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, এ বছরের জুন মাসেই এর নির্মাণকাজ শেষ হবে। চামড়া শিল্পকারখানাগুলো নির্ধারিত সময়ে স্থানান্তর না হলে সিইটিপি বর্জ্য সংকটে থাকবে এবং বিপুল ব্যয়ে নির্মিত এ শোধনাগারে কারিগরি জটিলতাও তৈরি হতে পারে।
পবার নির্বাহী সম্পাদক মো. আবদুস সোবহান সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন। সরেজমিন পরিদর্শনের মাধ্যমে পবার তৈরি করা প্রতিবেদনে বলা হয়, সাভারে মাত্র ১০ শতাংশ প্রতিষ্ঠানের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শেষ করেছে। ৪০ শতাংশ প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ চলছে। বাকি ৫০ শতাংশ প্রতিষ্ঠান স্থানান্তরের কোনো কার্যক্রমই নেই।
পবার প্রতিবেদনে বলা হয়, উচ্চ আদালতের আদেশে সরকার ২০০২ সালে ট্যানারি শিল্প হাজারীবাগ থেকে সাভার ও কেরানীগঞ্জের হরিণধারায় স্থানান্তরের উদ্যোগ নেয়। ১৭৫ কোটি ৭৫ লাখ টাকার ওই প্রকল্প বাস্তবায়নের শেষ সময় ছিল ২০০৫ সাল। পরে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০১২ সাল পর্যন্ত করা হয়। ২০১৩ সালে প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয় ২০১৬ সালের জুন পর্যন্ত এবং অনুদানসহ প্রকল্প ব্যয় দাঁড়ায় ১ হাজার ৭৮ কোটিতে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৩ সালের ১৩ অক্টোবর সরকারের সঙ্গে বাংলাদেশ প্রস্তুত চামড়া, চামড়া পণ্য ও জুতা রপ্তানিকারক সমিতি এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়।