১২ বছরে ১০ শতাংশ প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকল্পের মেয়াদ বাড়ানোর পরও রাজধানীর অন্যতম পরিবেশ দূষণকারী ট্যানারি শিল্প স্থানান্তর কার্যক্রম দীর্ঘ ১২ বছরেও বাস্তবায়িত হয়নি। কেবল ১০ শতাংশ প্রতিষ্ঠান ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শেষ করেছে।
গতকাল রোববার পরিবেশবাদী সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরা হয়। পবার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে হাজারীবাগের ট্যানারি শিল্প স্থানান্তর নিশ্চিত করতে শিল্পমালিকদের ওপর চাপ প্রয়োগ ও প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।
সাভারের চামড়া শিল্পনগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, এ বছরের জুন মাসেই এর নির্মাণকাজ শেষ হবে। চামড়া শিল্পকারখানাগুলো নির্ধারিত সময়ে স্থানান্তর না হলে সিইটিপি বর্জ্য সংকটে থাকবে এবং বিপুল ব্যয়ে নির্মিত এ শোধনাগারে কারিগরি জটিলতাও তৈরি হতে পারে।
পবার নির্বাহী সম্পাদক মো. আবদুস সোবহান সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন। পবার পক্ষ থেকে ১০ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে শিল্প, পরিবেশ ও বন, অর্থ, বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ গ্রহণ ও হাজারীবাগের ট্যানারিগুলো বন্ধ ঘোষণা।