
সড়কে বড় বড় গর্ত। পিচঢালাই উঠে গিয়ে ইটও নেই। বৃষ্টি হলে কাদাপানিতে একাকার হয়ে যায়। প্রায় সময় গর্তে গাড়ি আটকে সৃষ্টি হয় যানজট। ভোগান্তি বাড়ে যাত্রীদের। এ চিত্র কক্সবাজারের চকরিয়া-পেকুয়া সড়কের পেকুয়া বাজারের এক কিলোমিটার অংশে। পেকুয়া বাজারসহ সড়কটির ১২টি স্থান গর্তে ভরা।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, সড়কটির শুরু বরইতলী সড়কের মাথা থেকে। এটি শেষ হয়েছে মগনামা ঘাটে গিয়ে। দৈর্ঘ্য ২১ কিলোমিটার। সড়কটি পেকুয়া উপজেলা ছাড়াও কুতুবদিয়া উপজেলার মানুষের সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম। প্রতিদিন চলাচল করে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, যাত্রীবাহী বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন।
গতকাল শনিবার পেকুয়া বাজারে গিয়ে দেখা গেছে, সড়কের গর্তগুলো ডোবার রূপ নিয়েছে। গাড়ি চলছে হেলেদুলে। গর্তে গাড়ি পড়লে কাদাপানি ছিটকে পড়ে, আশপাশে চলাচলও দুরূহ হয়ে পড়েছে।
পেকুয়া বাজারের ব্যবসায়ী মো. সাজ্জাদ হোসেন, রহিম উল্লাহ, মো. জুনাইদ ও আবদুর রহিম বলেন, রোদে ধুলাবালু ও বৃষ্টিতে কাদাপানির যন্ত্রণায় পড়েন ব্যবসায়ীরা। টানা এক ঘণ্টা বৃষ্টি হলেই সড়কের ময়লা পানি দোকানে ঢুকে পড়ে। এতে নষ্ট হচ্ছে দোকানের মালপত্র।
পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মিনহাজ উদ্দিন বলেন, সড়কটি কুতুবদিয়া উপজেলা ও পেকুয়ার তিন ইউনিয়নের মানুষ নিয়মিত ব্যবহার করে। ভাঙাচোরা সড়কের কারণে উপকূলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পেকুয়া বাজারে ব্যবসা-বাণিজ্যে ভাটা পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের ভোলাইয়াঘোনা, মামা-ভাগিনার দোকান, মাতবরপাড়া, মৌলভীর টেক, ফুলতলা, মিয়াপাড়া, পেকুয়া চৌমুহনী, আন্নর আলী মাতবরপাড়া, চৈরভাঙা, সাঁকোরপাড় স্টেশন ও লালমিয়ার দোকান এলাকায় ছোট-বড় অসংখ্য গর্ত। এসব স্থানে গাড়ি চলছে ধীরগতিতে।
জানতে চাইলে সড়কে চলাচলকারী একটি বাসের চালক মো. কলিম বলেন, সড়কটি ক্ষতবিক্ষত হয়ে গেছে। বিশেষ করে পেকুয়া বাজার অংশটি গত চার বছরের বেশি সময় ধরে বেহাল। বাজারে প্রায় যানজট লেগে থাকে। এই এক কিলোমিটার পেরোতে আধা ঘণ্টা লেগে যায়।
চকরিয়া-পেকুয়া অটোরিকশা-টেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নাছির উদ্দিন বলেন, ‘দুই-তিন বছরের মধ্যে সড়কটি সংস্কার করা হয়নি। বেহাল অবস্থার কারণে নিত্য ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। নিজেরা সড়কের অনেক গর্ত ভরাট করেছি।’
সওজ সূত্র জানায়, সড়কটিতে প্রায় সময় সাময়িক সংস্কার করা হয়। ইট-বালু দিয়ে গর্ত ভরাট করা হলেও বেশি দিন টিকে না। বৃষ্টি হলেই আবার আগের অবস্থায় ফিরে যায়। পুরোপুরি ঠিক করতে সড়ক প্রকল্প হাতে নিতে হবে।
জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের চকরিয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবু আহসান মু. আজিজুল মোস্তাফা প্রথম আলোকে বলেন, চকরিয়া-পেকুয়া সড়কের কিছু অংশের কার্যাদেশ হয়েছে। শিগগিরই মেরামত কাজ শুরু হবে। এ ছাড়া পেকুয়া বাজার অংশটি আরসিসি ঢালাই হবে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব উল করিম প্রথম আলোকে বলেন, সড়কে প্রতিদিন ছোট-বড় পাঁচ হাজারের বেশি যানবাহন চলাচল করে। ভাঙা সড়ক ভোগাচ্ছে চালক-যাত্রীদের। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পর তারা সংস্কারের উদ্যোগ নিয়েছে।