কক্সবাজারের প্রায় ৬১ কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে জেলার পাঁচটি উপজেলার অন্তত ১০ হাজার ঘরবাড়ি তলিয়ে গেছে। বিলীন হয়েছে এসব এলাকার ১২ হাজার ঘরবাড়ি। গৃহহীন হয়ে পড়েছে লাখো মানুষ। দুর্গত এলাকায় খাবার ও পানীয় জলের তীব্র সংকট চলছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র থেকে জানা যায়, ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে পাউবোর প্রায় ৬১ কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়েছে। জেলার কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া, কক্সবাজার সদর ও টেকনাফ উপজেলার অন্তত ১২০টি গ্রামে ১০ হাজার ঘরবাড়িতে জোয়ারের পানি ঢুকেছে।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে এ পর্যন্ত উপকূলীয় এলাকার ১২ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিলীন এবং আরও ১০ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত ৭৮ মেট্রিক টন চাল এবং পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে।
পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সাবিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের পর পূর্ণিমার জোয়ার ও ভারী বর্ষণ অব্যাহত থাকায় অনেক এলাকায় এখনো বেড়িবাঁধ ভাঙছে। জরুরি ভিত্তিতে ভাঙা বেড়িবাঁধ সংস্কারের জন্য ৪০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। জেলার আট উপজেলায় পাউবোর বেড়িবাঁধ আছে ৫৯১ কিলোমিটার।
গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার উপকূলে বজ্রপাতসহ ভারী বর্ষণ হয়েছে। এতে খোলা আকাশের নিচে থাকা লোকজনের দুর্ভোগ আরও বাড়ে। শহরের নুনিয়ারছটা গ্রামের শুঁটকিশ্রমিক রোকেয়া বেগম (৫৫) বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে তাঁর বাঁশের ঘর ভেঙে গেছে। পাশের একটি আশ্রয়কেন্দ্রে তিন ছেলেমেয়ে নিয়ে দুই দিন ধরে অবস্থান করলেও তিনি কোনো ত্রাণ পাচ্ছেন না।
জেলা ত্রাণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য জরুরি ভিত্তিতে ৩০০ মেট্রিক টন চাল এবং ২০ লাখ টাকা বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। গতকাল পর্যন্ত ৮৭ মেট্রিক টন চাল, ৮০ বস্তা চিড়া, ৪০ বস্তা মুড়ি, ১১০ টন গুড় এবং ৩ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।