১৩ হাজার হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছয়টি উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে হাওরের ১৩ হাজার হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচ দিন ধরে প্রায় প্রতিদিনই ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ায় খেতের ফসল নিয়ে চিন্তায় আছেন কৃষকেরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে এবার দুই লাখ ১৮ হাজার ৫৬৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ফলনও হয়েছে ভালো। কিন্তু পাঁচ দিন ধরে প্রায় প্রতিদিনই ঝড় এবং সেই সঙ্গে শিলাবৃষ্টি হচ্ছে। এতে ফসলের ক্ষতি হচ্ছে। মৌসুমের শুরুতেই টানা ঝড় ও শিলাবৃষ্টি হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন হাওরের কৃষকেরা।
কৃষি বিভাগের হিসাবমতে, ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জ, শাল্লা, দিরাই, জগন্নাথপুর ও ধরমপাশা উপজেলায় হাওরের ১৩ হাজার ১০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে আড়াই হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। রোববার বিকেলে ও রাতে সুনামগঞ্জে কালবৈশাখীর সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে।
জানা গেছে, ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের বেশি ক্ষতি হয়েছে দিরাই উপজেলায়। এ উপজেলায় ৫ হাজার ৩৯০ হেক্টর, জামালগঞ্জে চার হাজার হেক্টর, শাল্লায় ২ হাজার ৭০০ হেক্টর, দক্ষিণ সুনামগঞ্জে ২০০ হেক্টর, ধরমপাশায় ৭৩০ হেক্টর, জগন্নাথপুরে ৮০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে সহায়তা প্রদানের দাবিতে শনিবার সুনামগঞ্জ শহরে ‘সুনামগঞ্জ হাওরবাসী’র ব্যানারে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জামালগঞ্জের ছয়হারা গ্রামের কৃষক মোশাহিদ আলী জানান, গ্রামের পাশের পাকনার হাওরে আট একর জমিতে বোরো আবাদ করেছিলেন। রোববার বিকেলে ঝড় ও শিলাবৃষ্টিতে খেতের সব ফসল নষ্ট হয়ে গেছে।
কৃষি বিভাগের এক কর্মকর্তা বলেছেন, সাধারণত মৌসুমের প্রথমে শিলাবৃষ্টি হলে শেষ দিকে আর হয় না। তাই আশা করা যায়, শিলাবৃষ্টি আর না-ও হতে পারে। তবে এখন ভাবনা হচ্ছে অকালবন্যা ও পাহাড়ি ঢল নিয়ে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাহিদুল হক বলেন, ‘গত কয়েক দিনের ঝড় ও শিলাবৃষ্টিতে সুনামগঞ্জের ছয়টি উপজেলায় ১৩ হাজার ১০০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ থেকে ২৫ ভাগ ফসল। তবে এখন আমাদের চিন্তা হচ্ছে ফসল রক্ষা বাঁধ নিয়ে। অকালবন্যা ও পাহাড়ি ঢল না হলে কৃষকেরা তাঁদের ফসল ভালোভাবে গোলায় তুলতে পারবেন।’