সিলেট থেকে কোম্পানীগঞ্জ উপজেলার দূরত্ব ৩৪ কিলোমিটার। ওই দূরত্ব অতিক্রম করতে বাসে সময় লাগত এক ঘণ্টা। তবে এখন সেটা অতীত। গত তিন বছরে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কটি ভেঙেচুরে অন্তত ১৪ কিলোমিটার এলাকা পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। সে সড়ক অতিক্রম করতে এখন তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় লাগে। সড়কটি সংস্কার না হওয়ায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের অবস্থা দেখে চলতি বছরের ১৪ মে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গোটা সড়ককে ‘ক্যানসার আক্রান্ত’ বলে মন্তব্য করেছিলেন। এ সময় তিনি সড়কটির ‘চিকিৎসার জন্য’ জাতীয় মহাসড়ক প্রকল্পে ৬০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়ার কথা জানিয়েছিলেন। মন্ত্রীর এ আশ্বাসের সাত মাস পার হলেও প্রকল্পের কাজ এখনো শুরু না হওয়ায় ভুক্তভোগীরা হতাশা প্রকাশ করেছেন।
গত ২৯ ডিসেম্বর সরেজমিনে দেখা গেছে, সড়কের পিচ আর খোয়া উঠে বিশাল গর্ত তৈরি হয়েছে। এতে করে ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে যানবাহনগুলো কোনো রকমে এঁকেবেঁকে চলছে। শুষ্ক মৌসুম হওয়ায় সারাক্ষণ সড়কসহ আশপাশের এলাকা ধুলায় আচ্ছন্ন থাকে।
থানাবাজার এলাকায় কথা হয় পথচারী খালেদ মিয়ার সঙ্গে। তিনি বলেন, দেশের কোথাও বোধ হয় এ রকম আরেকটি সড়ক পাওয়া যাবে না। অটোরিকশাচালক মাশুক মিয়া বলেন, ‘এই সড়ক অ টিফ মারতে গিয়া মন খারাপ অই যায়। বেশি টেকা না পাইলে যাই না। কারণ, ঝাঁকুনির লাগি গাড়ির ইঞ্জিনটিঞ্জিন নষ্ট অই যায়।’
ভুক্তভোগী একাধিক মানুষ জানান, দেশের অন্যতম বৃহৎ পাথরকোয়ারি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে অবস্থিত। তাই এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার ট্রাকের পাশাপাশি যাত্রী পরিবহনের গাড়ি, সিএনজি অটোরিকশাসহ অসংখ্য যানবাহন চলাচল করে। উপজেলাবাসীকে এ সড়ক দিয়েই জেলা শহর সিলেটে আসতে হয়। সালুটিকর এলাকার ব্যবসায়ী সহিদুল ইসলাম বলেন, ‘আমার দোকানের পাশে সড়ক ভাঙাচোরা, সারাক্ষণ ধুলা ওড়ে। তাই ঠিকমতো ব্যবসাও করতে পারছি না।’
সড়ক ঘুরে দেখা গেছে, ধোপাগুল, ছালিয়া, সালুটিকর, তেলিখাল, কাটাখাল, বর্ণি, থানাবাজার, টুকেরবাজার এলাকায় সড়কটি বিধ্বস্ত অবস্থায় রয়েছে। মাঝেমধ্যে কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ী সমবায় সমিতি এবং কোম্পানীগঞ্জ স্টোন ক্রাশার মিল মালিক সমিতির যৌথ উদ্যোগে সড়কটি সংস্কার করা হলে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) যথাযথ উদ্যোগ নেই বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।
সওজ সিলেটের উপবিভাগীয় প্রকৌশলী মীর নিজামউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘সড়কটি চরমমাত্রায় বিধ্বস্ত হয়ে গেছে। এ কারণে স্থানীয়ভাবে সংস্কারের কোনো বরাদ্দ আমাদের কাছে নেই। তবে এ সড়কটিকে আঞ্চলিক মহাসড়কে পরিণত করে প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে যাচাইয়ের জন্য জমা দেওয়া হয়েছে।’ মীর নিজামউদ্দিন আহমদ আরও বলেন, ‘পরিকল্পনা কমিশনে যাচাই শেষে প্রকল্পটি একেনেকে পাস হওয়ার জন্য দেওয়া হবে। সেখানে অনুমোদন পেলেই টেন্ডার আহ্বান করে কাজ শুরু করা হবে।’