১৫ মিনিটের বৃষ্টিতেই বরিশালে হাঁটুপানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় একটু বৃষ্টিতেই বরিশাল নগরে হাঁটুসমান পানি জমে যায়। আদালতপাড়াসহ নগরের সড়কে চলাচলকারী সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১টা ২৫ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত বৃষ্টি হয়। এ সময় নগরের বেশ কিছু সড়কে হাঁটুপানি হয়ে যায়। সরেজমিনে দেখা গেছে, জেলা জজ আদালত, সদর রোড, প্যারারা রোড, বগুড়া রোড, বাংলাদেশ ব্যাংক মোড়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সম্মুখ, মুন্সি গ্যারেজ এলাকায় হাঁটুপানি জমে যায়। এর মধ্যেই চলছে যানবাহন।
নগরবাসীর দাবি, খাল-পুকুর ভরাট ও সঠিকভাবে নর্দমা নির্মাণ না করায় নগরে একটু বৃষ্টি হলেই পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়। তা ছাড়া যে নর্দমা নির্মাণ করা হয়েছে, তার ভেতরের ময়লা-আবর্জনা জমে থাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এ ব্যাপারে সিটি করপোরেশন কোনো উদ্যোগ নিচ্ছে না। সদর রোড এলাকার বাসিন্দা জাকির হোসেন বলেন, বরিশালের নর্দমা নির্মাণের সময় ভেতরের কাঠ ও নির্মাণসামগ্রী ওঠানো হয়নি। সিটি করপোরেশন নর্দমা পরিষ্কার করছে না। এসব কারণে একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে।
আদালতপাড়ায় কথা হয় বিচারপ্রার্থী মোজাম্মেল হকের সঙ্গে। তিনি বলেন, বৃষ্টির কারণে মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের সামনে পানি জমে গেছে। জুতা খুলে হাঁটুপানি ভেঙে যেতে হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামালের মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে। প্রধান প্রকৌশলী খান মো. নূরুল ইসলাম বলেন, পরে কথা বলবেন।