১৮ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় গতকাল তিন হাজার একর মৎস্যঘের তলিয়ে গেছে। দুই উপজেলায় সাড়ে চার হাজারের বেশি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মহেশখালী উপজেলায় ১৪ হাজার ৩০টি কাঁচা ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।
পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে অন্তত ১৭টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে অন্তত ১ হাজার ২০০ একরের মৎস্যঘের। ঝোড়ো বাতাসে অন্তত ৬০০ বসতঘরের চালা উড়ে গেছে। ধসে পড়েছে আরও ৪০০ কাঁচা ঘরবাড়ি।
মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ জানান, বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে অন্তত ১ হাজার বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তলিয়ে গেছে অন্তত ৮০০ একর মৎস্যঘের।
এ ছাড়া পেকুয়া সদর ইউনিয়ন, রাজাখালী ও টৈটং ইউনিয়নের অন্তত ৭০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান জানান, বেড়িবাঁধ ভেঙে অন্তত ৬০টি গ্রাম প্লাবিত হয়েছে।
এদিকে চকরিয়া উপজেলার চিরিঙ্গা, শাহারবিল, পশ্চিম বড় ভেওলা, কোনাখালী, খুঁটাখালী, বদরখালী ইউনিয়নের এক হাজার মৎস্যঘের জোয়ারের পানিতে তলিয়ে গেছে।
চকরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, ৮৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সূত্র জানায়, খুঁটাখালী ইউনিয়নের ৫০টি ঘর ও চিরিঙ্গায় ৩৫০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকায় বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চার স্থানে বেড়িবাঁধ ভেঙে ৪০ হাজার মণ লবণ পানিতে তলিয়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, বদরখালী ইউনিয়নের ১ নম্বর ব্লকের বেড়িবাঁধ ও স্লুইসগেট ভেঙে গেছে। এতে ১০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝোড়ো বাতাসে বিএমচর ইউনিয়নের ৮০টি বসতঘর, কাকারা ইউনিয়নের ৩০টি বসতঘর এবং সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৪০টি বসতঘরের চালা উড়ে গেছে।
চকরিয়ার ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়ে মৎস্যচাষিরা সর্বস্বান্ত হয়ে গেছেন।
এদিকে মহেশখালী উপজেলা প্রশাসন সূত্র জানায়, জোয়ারে উপজেলার ৩৮টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এ সময় ছয় হাজার কাঁচা ঘরবাড়ি ভেঙে যায়।
পল্লী বিদ্যুৎ সমিতির মহেশখালী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবুল বাশার শামসুদ্দিন আহমেদ বলেন, গাছের ঢালপালা ভেঙে পড়ে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিঁড়ে গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম বলেন, ১৪ হাজার কাঁচা ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।
মহেশখালীর ইউএনও মোহাম্মদ আবুল কালাম বলেন, ক্ষতিগ্রস্ত লোকজনকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা চেয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হবে।