২০ দিনে ৮০টি বসতভিটা বিলীন
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে পদ্মা নদীর ভাঙনে গত ২০ দিনে ১২০ বছরের পুরোনো একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে চলে গেছে। এ ছাড়া বিলীন হয়েছে আরও ৮০টি পরিবারের বসতভিটা।
ভাঙনকবলিত দেবীনগর ইউনিয়ন ‘পদ্মা নদীর ভাঙন থেকে চাঁপাইনবাবগঞ্জে আলাতুলি রক্ষা’ প্রকল্পের আওতাভুক্ত হলেও সেখানে এখনো এর কাজ শুরু হয়নি। এ প্রকল্পের কাজ ধীরগতিতে চলছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী।
ইউনিয়নের বাসিন্দা সূত্র জানায়, ১০ বছর আগে নদীটি এই এলাকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ছিল। এলাকার কয়েক শ পরিবার একাধিকবার ভাঙনের শিকার হয়ে সহায় সম্বল সব হারিয়েছেন। গত দুই বছরের ভাঙনে নামু পূর্ব ছয়রশিয়া প্রাথমিক বিদ্যালয়, হড়মা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চবিদ্যালয়, একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, একটি কমিউনিটি ক্লিনিক, একটি মাদ্রাসা এবং ১১টি মসজিদ ভাঙনের শিকার হয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে হড়মা হাট।
তাঁরা অভিযোগ করেন, ভাঙন থেকে এলাকা রক্ষা প্রকল্পের কাজ ধীরগতিতে চলছে। বাকি কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান তাঁরা।
গত শুক্রবার ইউনিয়নের হড়মা গ্রামের শাহনাজ পারভিন বলেন, গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ২৫-৩০টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। এর আগের ১৭-১৮ দিনে বিলীন হয়েছে আরও ৫০-৫৫টি বাড়ি। এবারের ভাঙনের শিকার পরিবারগুলোর অনেকেই বৃষ্টির সময় পলিথিনের নিচে কষ্টের মধ্যে অর্ধাহারে দিন কাটাচ্ছে। কিছু পরিবার লোকজনের সাহায্য-সহযোগিতায় চলছে। এসব পরিবারের জন্য ত্রাণ বিতরণের দাবি জানান শাহনাজ। ভাঙনের শিকার পরিবারগুলোর মাঝে ঢেউটিন বিতরণের দাবিও জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্র জানায়, ২৭৪ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ভাঙন থেকে চাঁপাইনবাবগঞ্জে আলাতুলি রক্ষা প্রকল্পের কাজ শুরু হয় ২০১২-১৩ অর্থবছরে। প্রায় সোয়া ছয় কিলোমিটার নদীর তীর সংরক্ষণের এ প্রকল্পটি তিনটি প্যাকেজে বিভক্ত। এর মধ্যে কিছু এলাকায় কাজ হয়েছে। বাকি কাজের দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।
পাউবো সদর উপজেলার উপবিভাগীয় প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে দরপত্র আহ্বানের প্রক্রিয়া সম্পন্ন হবে। জরুরি ভিত্তিতে ভাঙনরোধে ব্যবস্থা নেওয়ার জন্য কোনো বরাদ্দ নেই। প্রকল্পের আওতাতেই নদীর তীর সংরক্ষণের কাজ হবে। ২০১৭ সালের জুনে প্রকল্পের কাজের মেয়াদ শেষ হবে।