২০১৫ সাল ইতিহাসের উষ্ণতম বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের গড় তাপমাত্রা প্রাক-শিল্পযুগের চেয়ে অন্তত ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা ১৮৫০ ও ১৯০০ সালের মধ্যবর্তী সময়ের গড় তাপমাত্রার তুলনায় ১ দশমিক শূন্য ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। তাপমাত্রা বৃদ্ধির এই প্রবণতা অব্যাহত থাকলে ২০১৫ সালই হবে ১ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যাওয়ার প্রথম বছর।
২ ডিগ্রি সেলসিয়াসকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিপজ্জনক সীমা হিসেবে চিহ্নিত করা হয়েছে। গড় তাপমাত্রা বৃদ্ধি ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ায় বিশ্ব ইতিমধ্যে সেই বিপদের পথে অর্ধেক এগিয়ে গেছে।
যুক্তরাজ্যের আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, ২০১৫ সাল ইতিহাসের উষ্ণতম বছর হতে চলেছে। বিশ্ব আবহাওয়া সংস্থা গত সোমবার ঘোষণা দিয়েছে, আগামী বছর প্রথমবারের মতো বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের গড় ঘনত্ব ৪০০ পিপিএম ছাড়িয়ে যাবে। জীবাশ্ম জ্বালানি পোড়ানো অব্যাহত থাকার কারণেই এ রকম পরিবর্তন হচ্ছে।
যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের হ্যাডলি সেন্টারের পরিচালক স্টিফেন বেলচার বলেন, মানুষের কর্মকাণ্ডের ফলেই বর্তমানে জলবায়ুর পরিবর্তন বিপদের দিকে এগিয়ে যাচ্ছে।