
পদ্মার প্রবল স্রোতে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার ১০টি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। গত ২৫ দিনে ওই গ্রামগুলোর ৫৮৫টি পরিবার গৃহহীন হয়েছে। তিনটি বাজারের ৮০টি ব্যবসাপ্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে।
এ নিয়ে গত দুই মাসে শরীয়তপুরে পদ্মার ভাঙনে ১ হাজার ১৬৫ পরিবার গৃহহীন হয়েছে। জেলা প্রশাসন থেকে তাদের ২০ কেজি করে চাল খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া ৭৪ ব্যক্তিকে ১ হাজার করে টাকা দেওয়া হয়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য শরীয়তপুরের জেলা প্রশাসন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে ১০ লাখ টাকা, ২০০ টন চাল, ৪০০ বান্ডিল টিন এবং ২০০ তাঁবু চেয়ে চিঠি দিয়েছে।
পানি উন্নয় বোর্ড (পাউবো) ও শরীয়তপুর জেলা প্রশাসন সূত্র জানায়, চলতি বছরের জুন মাস থেকে শরীয়তপুরে পদ্মার ভাঙন শুরু হয়েছে। গত ১৫ জুলাই থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পদ্মার ভাঙনে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার ১০টি গ্রামের ৫৮৫টি পরিবার গৃহহীন হয়েছে। ভাঙনকবলিত গ্রামগুলো হলো জাজিরা উপজেলার কলমিরচর, কালু ব্যাপারিকান্দি, কায়ুম খাঁরকান্দি; নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি, চেরাগ আলী ব্যাপারিকান্দি, শাহেদ আলী ব্যাপারিকান্দি, চরনড়িয়া, চরজাজিরা, সাহেবের চর ও সুরেশ্বর। ২৫ দিনের ভাঙনে নড়িয়া উপজেলার সুরেশ্বর ও ওয়াপদা, জাজিরার কায়ুম খাঁর বাজারের ৮০টি ব্যবসাপ্রতিষ্ঠানের জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফখরুদ্দীন মুনশির বসতবাড়ি চেরাগ আলী ব্যাপারিকান্দি গ্রামে। ২৫ দিনের পদ্মার ভাঙনে তাঁর বসতবাড়ি ও ২০০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাঁর পরিবারের সদস্যরা বসতবাড়ির আসবাব সরিয়ে নিয়ে যাচ্ছেন। গতকাল দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার বেঁচে থাকার আর কোনো অবলম্বন রইল না। বাপ-দাদার সম্পদ, আমার সারা জীবনের অর্জিত সম্পদ পদ্মায় বিলীন হয়ে গেছে। এখন নড়িয়া উপজেলা সদরের পাশে জমি ভাড়া করেছি। পরিবারের সদস্যদের নিয়ে সেখানে আশ্রয় নেব।’
ঈশ্বরকাঠি গ্রামের জবেদা খাতুন (৭০) বলেন, ‘৫৩ বছর আগে শ্বশুরের ভিটায় এসেছি। এ ভিটায় শ্বশুর, শাশুড়ি ও স্বামীর কবর রয়েছে। তাঁদের কবরসহ আমার সারা জীবনের স্মৃতি পদ্মায় বিলীন হয়ে গেছে। সব ফেলে চলে যাচ্ছি। এখন কোথায় আশ্রয় নেব? কে আমাদের সহায়তা করবে?’
মোক্তারের চর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য শ্রীমতি বেগমের দুই একর ফসলি জমি, এক একর জমির আমবাগান ও বসতবাড়ি বিলীন হয়ে গেছে। তিনি বলেন, ‘আমি সারা জীবন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। পদ্মা নদী আমাকে নিঃস্ব করেছে। এখন আমাকে সহায়তা পাওয়ার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। ভাঙনের পর জেলা প্রশাসন ২০ কেজি চাল ও ১ হাজার টাকা সহায়তা দিয়েছে। আমার যে কী কষ্ট হচ্ছে, তা বলে বুঝাতে পারব না।’
নড়িয়া উপজেলার ওয়াপদা বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলী শরীফ বলেন, ‘৩ লাখ টাকার মালামালসহ রাতে আমার দোকানটি পদ্মা নদীতে নিমজ্জিত হয়ে গেছে। বসতবাড়ির একটি বড় অংশ বিলীন হয়ে গেছে। এখনো ঝুঁকি নিয়ে বাড়িতে বসবাস করছি। যেকোনো সময় বাড়ির বাকি অংশটুকুও বিলীন হয়ে যাবে।’
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা ইয়াসমিন বলেন, ভাঙনকবলিত মানুষের দুঃখ সহ্য করার মতো নয়। সরকারের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। যারা গৃহহীন হয়েছে তাদের পুনর্বাসন করার জন্য খাসজমি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
শরীয়তপুরের পাউবোর নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য বলেন, জাজিরা উপজেলার কুন্ডেরচর থেকে নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাট পর্যন্ত ৯ কিলোমিটার এলাকায় বাঁধ ও খনন করার জন্য একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। ১ হাজার ২৮০ কোটি টাকার ওই প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল সম্প্রতি ওই এলাকা পরিদর্শন করেছে।