২৫ মজা পুকুরে দূষিত পরিবেশ

দীর্ঘদিন পরিষ্কার না করায় গাইবান্ধা শহরের প্রায় ২৫টি পুকুর মজে গিয়ে ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। এসব মজা পুকুরের ময়লা-আবর্জনার দুর্গন্ধে শহরের পরিবেশ দূষিত হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে মশার উপদ্রব।
গাইবান্ধা পৌরসভা কার্যালয় সূত্র জানায়, পৌর এলাকায় প্রায় ২৫টি মজা পুকুর রয়েছে। এগুলোর বেশির ভাগই পৌরসভার মালিকানাধীন। এর মধ্যে শহরের নতুনবাজার, রেলস্টেশন, সরকারপাড়া, ডেভিড কোম্পানিপাড়া, খানকাশরিফ, সদর হাসপাতাল, পশ্চিমপাড়ার গোডাউন রোড, মাস্টারপাড়া, মুন্সিপাড়া শহীদ মিনার, মধ্যপাড়া, বাংলাবাজার, সান্দারপট্টি ও হকার্স মার্কেট এলাকার মজা পুকুরের অবস্থা সবচেয়ে করুণ। এ ছাড়া শহরের ভেতর দিয়ে প্রবাহিত পরিত্যক্ত ঘাঘট নদও কচুরিপানায় ভরে গেছে।
সরেজমিনে দেখা গেছে, শহরের বেশ কয়েকটি পুকুর কচুরিপানায় ভরে এমন অবস্থা হয়েছে যে আর পুকুর বলে চেনার উপায় নেই। উপরন্তু প্রতিদিনই হোটেল, রেস্তোরাঁ, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বাসাবাড়ির বর্জ্য এসব পুকুরে ফেলা হচ্ছে। এ কারণে পুকুরগুলো পরিণত হয়েছে ময়লা-আবর্জনার স্তূপে।
এর মধ্যে শহরের নতুনবাজার-সংলগ্ন কচুরিপানায় ভরা পুকুরটি আশপাশের লোকজন এখন ডাস্টবিন হিসেবে ব্যবহার করছেন। আবর্জনার দুর্গন্ধে এ পুকুরের আশপাশ দিয়ে যাওয়া যায় না। শহরের পিকে বিশ্বাস রোডের বাসিন্দা আশরাফ হোসেন বলেন, ‘নতুনবাজার-সংলগ্ন আমার বাসা। বাজারের মাংস বিক্রেতারা প্রতিদিন গবাদিপশুর পরিত্যক্ত বর্জ্য ওই পুকুরে ফেলছেন। এখানে ফেলা মাংসের উচ্ছিষ্টসহ অন্যান্য ময়লা-আবর্জনা টানাটানি করে ছড়ায় কুকুর-বিড়ালের দল। এতে বাজার ও এর আশপাশের পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে।’ একই রোডের বাসিন্দা রিপন মিয়া বলেন, দুর্গন্ধে পুকুর ঘেঁষে নির্মিত রাস্তা দিয়ে বাজারে যাওয়া যায় না। এ ছাড়া আবর্জনার কারণে মশা-মাছি বাড়ছে। কিন্তু দেখার কেউ নেই। শহরের মুন্সিপাড়া এলাকার শহীদ মিনার-সংলগ্ন পুকুরেরও একই অবস্থা। মুন্সিপাড়া এলাকার স্কুলশিক্ষক ফেরদৌস জুয়েল বলেন, ‘পুকুরের কারণে আমাদের এলাকায় মশার উপদ্রব বেশি। কিন্তু পৌর কর্তৃপক্ষের সেগুলো পরিষ্কার করার দিকে নজর নেই।’
গাইবান্ধা পরিবেশ আন্দোলনের সদস্যসচিব জিয়াউল হক বলেন, ১০ দশমিক ৫৪ বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট পৌরসভায় প্রায় দেড় লাখ লোকের বাস। এ ছাড়া সরকারি-বেসরকারি মিলে পৌর এলাকায় ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠান ও অসংখ্য অফিস-আদালত রয়েছে। অথচ ঘনবসতিপূর্ণ এ পৌর এলাকায় ময়লা-আবর্জনা ফেলার কোনো ব্যবস্থা নেই। ফলে পৌরবাসী আশপাশের পুকুরগুলোতেই তাঁদের নিত্যদিনের বর্জ্য ফেলছেন।
শহরের সান্দারপট্টির বাসিন্দা মিলন মিয়া বলেন, পুকুরে আবর্জনার স্তূপ জমে ওঠায় শহরে নানা বিড়ম্বনা দেখা দিচ্ছে। কুকুর-বিড়াল এসব ময়লা-আবর্জনা চারদিকে ছড়াচ্ছে। বাড়ছে মশা। কিন্তু পৌর কর্তৃপক্ষ মশা নিধনে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
শহরের পিকে বিশ্বাস রোডের বাসিন্দা মান্নান চৌধুরী জানালেন, প্রতিবছর পৌরকর বাড়ানো হলেও নাগরিক কোনো সুবিধা বাড়ছে না। পৌর বাজেটে মশা মারার জন্য টাকা বরাদ্দ রাখা হলেও সেই বাজেট আর কার্যকর হয় না। এ কারণে পৌরবাসী মশার যন্ত্রণায় অতিষ্ঠ।
গাইবান্ধা পরিবেশ বাঁচাও আন্দোলনের সদস্যসচিব জিয়াউল হাফিজ বলেন, ২০০২ সালে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসেবে শহরের পরিত্যক্ত পুকুর থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছিল। কিন্তু এরপর আর পুকুরগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
পৌর মেয়র শামছুল আলম বলেন, শিগগিরই স্প্রে করে মশা নিধনের কাজ শুরু করা হবে। পর্যায়ক্রমে সব কটি ওয়ার্ডে এ অভিযান চলবে। পুকুরগুলোও পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।