২৫৫ হেক্টর আমনের ফসল পানির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ২৫৫ হেক্টরের আমন ফসল ডুবে গেছে। পুকুরের মাছ ভেসে গেছে। কমপক্ষে ১০ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, সৈয়দপুরের চিকলী নদী উপচে পানি ফসলি জমি প্লাবিত করে লোকালয়ে ঢুকে পড়েছে। কামারপুকুর, খাতামধুপুর, কাশিরাম বেলপুকুর, বোতলাগাড়ী ও বাঙালিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম কোথাও হাঁটুপানি, কোথাও চার ফুট পানির নিচে তলিয়ে গেছে। ওই সব ইউনিয়নের নিচু এলাকার গ্রামগুলোয় কমপক্ষে ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানি ঢুকেছে সৈয়দপুর পৌরসভার নিচু এলাকাতেও।
উপজেলা কৃষি কর্মকর্তা হোমায়রা মণ্ডল জানান, বর্ষণজনিত ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় ২৫৫ হেক্টর জমির আমন ফসল তলিয়ে গেছে। দু-এক দিনের মধ্যে পানি নেমে না গেলে এ ফসলের ব্যাপক ক্ষতি হবে। ইতিমধ্যে কিছু জমির শাকসবজি নষ্ট হয়েছে। মৎস্য বিভাগ জানায়, উপজেলার দুই শতাধিক পুকুরের মাছ পানিতে ভেসে গেছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মো. মুসা জঙ্গী বলেন, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।
কামারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান জিকো আহমেদ বলেন, ‘বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণে আমরা কাজ করছি।’
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, বর্ষা মৌসুম চলে গেছে। কিন্তু অকালে ভারী বর্ষণের কারণে এ অঞ্চলে বন্যা দেখা দিয়েছে।