৩০ মিনিটের বৃষ্টিতে হাঁটুপানি

মাত্র ৩০ মিনিটের বৃষ্টি। এতেই ছাত্রাবাসের দুটি কক্ষে প্রায় হাঁটু সমান পানি। পানিতে থই থই করছে ছাত্রাবাসের মাঠ। রান্নাঘর সয়লাব নোংরা পানিতে। শিক্ষার্থীরা সেই পানি থালা দিয়ে সেচে বাইরে ফেলছেন।
গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহ শহরে আধঘণ্টার মতো ভারী বৃষ্টি হয়। তাতেই শহরের সরকারি আনন্দ মোহন কলেজের সুকান্ত ভট্টাচার্য ছাত্রাবাসে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, কবি সুকান্ত ভট্টাচার্য ছাত্রাবাসটি শত বছর আগে নির্মাণ করা। এখানে শুধু হিন্দু শিক্ষার্থীরা থাকেন। অনেক পুরোনো হওয়ার কারণে সামান্য বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে পানি পড়ে। তিনটি কক্ষে পানি ঢুকে যায়। আর টানা বৃষ্টি হলে ১৬টি কক্ষের সবকটিতে পানি ঢুকে পড়ে। তখন চরম দুর্ভোগে পড়েন ছাত্রাবাসের ৯০ শিক্ষার্থী।
গতকাল বৃষ্টির পর সরেজমিনে দেখা গেছে, ছাত্রাবাসের ১১৫ ও ১১৬ নম্বর কক্ষের ভেতর প্রায় হাঁটু সমান পানি। ওই দুটি কক্ষের শিক্ষার্থীরা বিছানা ও চেয়ারের ওপর পা গুটিয়ে বসে আছেন। দীর্ঘক্ষণেও পানি নেমে না যাওয়ায় একপর্যায়ে শিক্ষার্থীরা ভাত খাওয়ার থালা দিয়ে পানি সেচে বাইরে ফেলেন।
১১৬ নম্বর কক্ষের শিক্ষার্থী সজল সরকার বলেন, ‘পুরো বর্ষা মৌসুম আমাদের এ রকম পরিস্থিতি মোকাবিলা করতে হয়। বৃষ্টি হলেই মাঠ উপচে পানি কক্ষে ঢোকে। পানির সঙ্গে ভেসে আসে মাঠ ও নর্দমার নোংরা পানি। মাঝে মাঝে ব্যাঙ ও সাপও আসে। ছাত্রাবাসের রান্নাঘরেও নর্দমার পানি ঢোকে।’
১১৫ নম্বর কক্ষের শিক্ষার্থী মিঠুন বর্মণ বলেন, ‘পুরো বর্ষাকাল আমরা সাপ ও ব্যাঙের সঙ্গে যুদ্ধ করে থাকি। সাপের ভয়ে আমাদের রাত কাটে।’
ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানান, এটির চারদিকের পানি নিষ্কাশনব্যবস্থা খুব খারাপ হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। টানা বৃষ্টি হলে ছাত্রাবাসের সবকটি কক্ষে পানি ঢোকে। নোংরা পানি লেগে নানা চর্মরোগে আক্রান্ত হন তাঁরা। বিষয়টি একাধিকবার ছাত্রাবাস ও কলেজ কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জানতে চাইলে ছাত্রাবাসের সুপার কৃষ্ণকান্ত বিশ্বাস প্রথম আলোকে বলেন, নিষ্কাশনব্যবস্থা খারাপ হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। কলেজ কর্তৃপক্ষ ছাত্রাবাসটি সংস্কার ও নিষ্কাশনব্যবস্থা উন্নত করার জন্য একটি প্রকল্প তৈরি করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে। এর বেশি তাঁর কিছু জানা নেই।