৩৪টি নদ-নদীতে আষাঢ়েও পানি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বর্ষায়ও পঞ্চগড় জেলার করতোয়া নদীসহ ৩৪টি নদীর বুকে পানি নেই। ছবিটি সদর উপজেলার ময়নাগুড়ি এলাকা থেকে গত শুক্রবার দুপুরে তোলা l প্রথম আলো
এ বর্ষায়ও পঞ্চগড় জেলার করতোয়া নদীসহ ৩৪টি নদীর বুকে পানি নেই। ছবিটি সদর উপজেলার ময়নাগুড়ি এলাকা থেকে গত শুক্রবার দুপুরে তোলা l প্রথম আলো

বর্ষায় দেশের অন্যান্য অঞ্চলের নদীপাড়ের মানুষেরা যখন বন্যাকবলিত, তখন পঞ্চগড়ের নদ-নদীগুলো পানিশূন্য। জেলার প্রধান নদী করতোয়া শেষ আষাঢ়েও যেন মরা খাল। করতোয়ার মতো জেলার ৩৪টি নদ-নদীর অবস্থা একই।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, করতোয়ার উজানে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির আমবাড়ি কালকাটায় একটি ব্যারাজ নির্মাণ করে পুরো পানিই প্রত্যাহার করছে ভারত। ফলে করতোয়াসহ ছোট নদীগুলো আজ পানিশূন্য। একসময় যে করতোয়ার একূল-ওকূল দেখা যেত না, বন্যার সময় শোঁ শোঁ শব্দে পানিপ্রবাহের সঙ্গে কৃষকের জন্য বয়ে নিয়ে আসত পলি মাটি। সেখানে এখন পানি নেই, নেই মাছও। এখন সে শুকনো, প্রায় মরে যাওয়া এক নদী।

শুধু করতোয়াই নয়, উজানে ভারতের একতরফা পানি প্রত্যাহার আর নদী শাসনের কারণে হারিয়ে যাচ্ছে পঞ্চগড়ের ছোট-বড় ওই ৩৪টি নদী। পানির প্রবাহ না থাকায় মরা খালে পরিণত হয়েছে এসব নদী। নদীগুলোর বিস্তীর্ণ বুকে শোভা পাচ্ছে বালুর চর আর ধানখেত। নদী শুকিয়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে কৃষি, মাছ, জলজ উদ্ভিদসহ প্রাণিকুলেও। হুমকিতে পড়েছে নদীকেন্দ্রিক কৃষকদের সেচব্যবস্থা। জেলায় দেখা দিয়েছে দেশি মাছের সংকট। জীবিকা নির্বাহ নিয়ে সংকটে পড়েছেন জেলেরা।

এ ছাড়া করতোয়া, ডাহুক, ভেরসা, চিলকা, চাওয়াই নদীতে বোমামেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে মরে যাচ্ছে এসব নদীও। সাঁও ও করতোয়া নদীর মিলনস্থল এবং বাংলাদেশে প্রবেশমুখে তেঁতুলিয়া উপজেলার ভদ্রেশ্বর এলাকায় মেশিন দিয়ে পাথর উত্তোলনের ফলে করতোয়ার বুকে সৃষ্টি হয়েছে বালির বাঁধ। ফলে একদিকে ভারতের একতরফা পানি প্রত্যাহার, অন্যদিকে এই বালির বাঁধে করতোয়া হয়ে পড়েছে পানিশূন্য।

পঞ্চগড়ের পাঁচ উপজেলার ওপর দিয়ে করতোয়া, ভেরসা, চাওয়াই, মহানন্দা, ডাহুক, বেরং, টাঙ্গন, তালমা, গোবরা, আলাইকুমারী, চিলকাসহ বয়ে গেছে ছোট-বড় ৩৪টি নদ-নদী। প্রায় সব নদ-নদীর উৎসস্থল ভারতের অভ্যন্তরে হওয়ায় বছরজুড়ে নদীগুলোতে পানি থাকে না।

করতোয়া নদীপাড়ের কৃষক সদর উপজেলার ব্যাংহারী এলাকার মতলুব আলী (৬৫) বলেন, ‘আষাঢ় মাস শেষ হয়ে যায়, কিন্তু করতোয়াত পানি নাই। অথচ ১০-১৫ বছর আগে চৈত্র মাসেও খাড়াহাত পানি থাকত।’ কাজিপাড়া এলাকার জেলে মাসুম আলী (৫৫) বলেন, ‘আগে নদীতে মাছ ছিল। নদীতে পা ফেললেই মাছ এসে ঘিরে ধরত। এখন সারা দিন মাছ ধরলে হাফ কেজির বেশি পাওয়া যায় না। জেলার জেলেরা এখন অন্য কাজকাম করছে। মাছ ধরে জীবিকা নির্বাহ করা যাচ্ছে না।’

পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, উত্তর প্রান্তের এই জেলার ওপর দিয়ে ৩৩টি নদী প্রবাহিত হয়েছে। অলিখিতভাবে আরও একটি নদীর সন্ধান পাওয়া গেছে। দেশের কোনো জেলার ওপর দিয়ে এত নদী প্রবাহিত হয়নি।

 পঞ্চগড় পাউবোর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘ইতিমধ্যে বিলুপ্ত ছিটমহল এলাকায় করতোয়া নদীর পাঁচ কিলোমিটার খননের উদ্যোগ নিয়েছে সরকার। এ বছর আরও ৭৭ কিলোমিটার খননের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। একইভাবে অন্যান্য নদী খননের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হবে।’