৩৭ কিলোমিটারে খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাথরঘাটা-বামনা-কাঁঠালিয়া-রাজাপুর আঞ্চলিক সড়কটি বেহাল। গত ২৪ আগস্ট কাঁঠালিয়ার আমুয়া বাজার এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
পাথরঘাটা-বামনা-কাঁঠালিয়া-রাজাপুর আঞ্চলিক সড়কটি বেহাল। গত ২৪ আগস্ট কাঁঠালিয়ার আমুয়া বাজার এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

বরগুনা ও ঝালকাঠি জেলার পাথরঘাটা-বামনা-কাঁঠালিয়া-রাজাপুর আঞ্চলিক সড়ক ৭৬ কিলোমিটার দীর্ঘ। এর প্রায় ৩৭ কিলোমিটারে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলে খানাখন্দে কাদাপানি একাকার হয়ে যায়। ব্যাহত হয় যানবাহন চলাচল।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বরগুনা কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ সড়কের বরগুনা অংশে রয়েছে ৪৪ দশমিক ৩ কিলোমিটার। বরগুনা অংশের প্রায় ৬ কিলোমিটার এবং ঝালকাঠি অংশের ৩১ কিলোমিটার সড়কের বেশির ভাগই খানাখন্দে ভরা। বিশেষ করে আমুয়া ফেরিঘাট থেকে কাঁঠালিয়া পর্যন্ত ৮ কিলোমিটার অত্যন্ত বেহাল। এ অংশ যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এ সড়ক দিয়ে প্রতিদিন আন্তজেলা বাস ছাড়াও পাথরঘাটা-ঢাকা, পাথরঘাটা-চট্টগ্রাম, কাকচিঁড়া-খুলনা-যশোর, বরগুনা-কাকচিঁড়া-যশোর-বেনাপোল পথের অন্তত ৪০টি বাস চলাচল করে। এ ছাড়া রিকশা, ইজিবাইক, ভ্যানসহ অন্য যানবাহনও চলাচল করে। পাথরঘাটার মৎস্য অবতরণকেন্দ্র থেকে প্রতিদিন অনেক ট্রাক মাছ নিয়ে দেশের নানা স্থানে যায় এই সড়ক ধরে।

কাঁঠালিয়া মনোশিতা মহিলা কলেজের শিক্ষক মো. ফেরদাউস প্রথমআলোকে বলেন, আমুয়া ফেরিঘাট থেকে কাঁঠালিয়া পর্যন্ত ৮ কিলোমিটার সড়ক বেহাল হয়ে পড়ায় কাঁঠালিয়ার বাসিন্দাদের অন্তত ১৩ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিয়ে ভান্ডারিয়া হয়ে ঝালকাঠি জেলা সদরে যেতে হয়। এতে প্রতিদিন অন্তত দেড় ঘণ্টা সময় ও ৭০-১০০ টাকা বাড়তি ব্যয় করতে হয়।

রাজাপুর আঙ্গারিয়া এলাকার কলেজছাত্র মো. মাসুম বিল্লাহ বলেন, ‘প্রতিদিন সাইকেল চালিয়ে রাজাপুর ডিগ্রি কলেজে যাতায়াত করতাম। কিন্তু বর্তমানে সড়কের দুরবস্থার কারণে হেঁটেই কলেজে যাই।’

আমুয়া এলাকার বাসিন্দা মুদি দোকানি মো. কুদ্দুস সিকদার বলেন, গত এক সপ্তাহে এই সড়কে দুর্ঘটনায় অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

মো. জাকির হোসেন নামের একজন বাসচালক বলেন, ‘এই রাস্তায় প্রতিদিন আমাদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। প্রায়ই গাড়ি রাস্তার মধ্যে বিকল হয়ে যায়। তখন যাত্রীদের মারাত্মক ভোগান্তি হয়।’

আরেক বাসচালক রেজাউল কবির বলেন, রাজাপুর পর্যন্ত সড়কের অনেক স্থানে দুই পাশ ভেঙে সংকুচিত হয়ে গেছে। কোথাও আবার খানাখন্দ হয়েছে।

কাঁঠালিয়ার অ্যাম্বুলেন্সচালক মো. সবুর হাওলাদার বলেন, প্রায় প্রতিদিনই রোগী নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাতায়াত করতে হয়। কিন্তু সড়কের কারণে রোগীদের খুব কষ্ট হয়।

 আমুয়া এলাকার মাহেন্দ্রচালক মনির হোসেন বলেন, ‘আমাদের গাড়ির চাকা ছোট। গর্তের কারণে চরম ঝুঁকি নিয়ে চলতে হয়।’

গত রোববার সরেজমিনে দেখা যায়, পাথরঘাটা অংশের ছোট পাথরঘাটা দাখিল মাদ্রাসা থেকে ঘুটাবাছা পর্যন্ত ১ কিলোমিটার, সোনালি বাজার থেকে ঘুটাবাছা বাজার পর্যন্ত ১ কিলোমিটার, আমড়াতলা থেকে গুদিঘাটা পর্যন্ত ৩ কিলোমিটার, কাঁকচিড়া বাজারের দক্ষিণ থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত ১ কিলোমিটার সড়কের অবস্থা খুবই খারাপ।

সওজ বিভাগের ঝালকাঠি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করি, দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া যাবে। এ ছাড়া সড়কের যেসব অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, জরুরি ভিত্তিতে সেখানে চলাচলের উপযোগী করতে কাজ করা হচ্ছে।’

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সাংসদ বজলুল হক হারুন বলেন, ‘সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বেশির ভাগ অংশ বেহাল হয়ে পড়েছে। গত ৯ আগস্ট একনেকের বৈঠকে বিষয়টি উপস্থাপন করলে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি প্রশস্তকরণ ও উন্নয়নের বিষয়ে সিদ্ধান্ত হয়। আশা করি, খুব শিগগির এই সড়কের উন্নয়নকাজ শুরু হবে।’