৪৫ সেকেন্ডের ঝড়ে ধ্বংসস্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোররাতে ঝড়ে চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় কয়েকটি গাছ ভেঙে পড়ে ঘরের ওপর। ছবিটি পাহাড়তলী থানার পেছন থেকে গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
ভোররাতে ঝড়ে চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় কয়েকটি গাছ ভেঙে পড়ে ঘরের ওপর। ছবিটি পাহাড়তলী থানার পেছন থেকে গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

‘রাত ৩টা ২৫ মিনিট তখন। কেউ সাহ্রি খেয়েছে। কেউবা খাবে। এমন সময় হঠাৎ শোঁ শোঁ বিকট শব্দে বাতাস বইতে শুরু করে। মুহূর্তেই বাতাসের গতিপথ লালচে রং ধারণ করে। মাত্র ৪৫ সেকেন্ডে কানে আসে গাছপালা ও ঘরবাড়ি ভেঙে পড়ার শব্দ। তারপর উঁকি দিয়ে দেখি কেবল ধ্বংসযজ্ঞ।’
নগরের পাহাড়তলী থানার দুলালাবাদ এলাকার বাসিন্দা মাইনুল ইসলাম গতকাল মঙ্গলবার ভোরে বয়ে যাওয়া ঝড়ে ধ্বংসযজ্ঞের বর্ণনা দেন এভাবে।
চট্টগ্রাম আবহাওয়া দপ্তর এটিকে তীব্র মাত্রার মৌসুমি ঝড় বলছে। তবে চট্টগ্রাম জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ ও ক্ষতিগ্রস্তরা এই ঝড়কে টর্নেডো বলে দাবি করেছে।
চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান বলেন, একে টর্নেডো বলা যাবে না। তীব্র মাত্রার স্বল্পস্থায়ী মৌসুমি ঝড় ছিল এটি।
৪৫ সেকেন্ডের এই তীব্র ঝড়ে পাহাড়তলী ও হালিশহরের অনেক বাড়িঘর ও গাছপালা ভেঙে একাকার। এ সময় দেয়াল চাপা পড়ে হালিশহরে মারা যান এক ব্যক্তি। আহত হন আরও অন্তত পাঁচজন। গতকাল রাত নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা প্রশাসন এই ঝটিকা ঝড়ে ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণ করতে পারেনি।

পানিতে ডুবে আছে সড়ক। গর্তে পড়ে উল্টে গেছে পণ্যবোঝাই ট্রাক। ছবিটি গতকাল চট্টগ্রাম নগরের এক কিলোমিটার এলাকা থেকে বেলা ১টায় তোলা l প্রথম আলো
পানিতে ডুবে আছে সড়ক। গর্তে পড়ে উল্টে গেছে পণ্যবোঝাই ট্রাক। ছবিটি গতকাল চট্টগ্রাম নগরের এক কিলোমিটার এলাকা থেকে বেলা ১টায় তোলা l প্রথম আলো

জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসনের দুর্যোগ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে নিয়োজিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি বলেন, টর্নেডোতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। ক্ষতির তালিকা তৈরির কাজ চলছে।
সরেজমিনে গতকাল দুপুরে পাহাড়তলীতে দেখা যায়, বাড়িঘর ও সড়কের ওপর গাছ ভেঙে পড়েছে। গাছপালা পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। বৈদ্যুতিক পিলার ভেঙে বাড়ির ওপর পড়ে আছে। রিকশা উড়িয়ে নিয়ে গেছে অন্তত ৫০ গজ দূরে। পুরো এলাকা বিদ্যুৎবিহীন।
পাহাড়তলীর ক্ষতিগ্রস্ত বাসিন্দা ফখরুদ্দিন বলেন, ‘এমন টর্নেডো আর কখনো দেখিনি। মুহূর্তেই সব উড়িয়ে নিয়ে গেছে। আমাদের ঘরের চাল, বৈদ্যুতিক পাখাসহ উড়ে গেছে।’
পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম বলেন, ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। যদি দিনের বেলায় হতো অনেক প্রাণহানি ঘটত।

জোয়ার ও বৃষ্টিতে ঘরেই জমেছে হাঁটুপানি। ছবিটি গতকাল বেলা সাড়ে ১১টায় আগ্রাবাদ বেপারিপাড়া থেকে তোলা l প্রথম আলো
জোয়ার ও বৃষ্টিতে ঘরেই জমেছে হাঁটুপানি। ছবিটি গতকাল বেলা সাড়ে ১১টায় আগ্রাবাদ বেপারিপাড়া থেকে তোলা l প্রথম আলো

এই ঝড়ের কারণে পাহাড়তলীর মতো হালিশহরেও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, হালিশহরের ফইল্যাতলি বাজার এলাকায় ভোরে দেয়াল ধসে পড়ে মো. হানিফ নামে এক ব্যক্তি মারা যান। এ সময় তাঁর স্ত্রীও আহত হন।
এদিকে রোববারের মতো সোমবারের রাতের ভারী বৃষ্টিতে গতকাল ভোরে নগরের বিভিন্ন নিচু এলাকায় পানি জমে যায়। তবে দুপুরের আগেই নগরের হালিশহর, আগ্রাবাদ এক্সেস সড়ক, সিডিএ আবাসিক এলাকা ছাড়া বাকি এলাকায় পানি নেমে যায়। বৃষ্টিতে গতকাল দুপুরে আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে প্রায় হাঁটু পরিমাণ পানি ছিল। পানি জমে বন্ধ হয়ে যায় হাসপাতালের নিচতলার কার্যক্রম। নিচতলার রোগীদের ওপরের বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক মো. নুরুল হক।