চাঁপাইনবাবগঞ্জে নিমাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া গোমস্তাপুর উপজেলায় পুনর্ভবা নদীর পানি গতকাল রোববার সকালে বিপৎসীমার ৬২ সেন্টিমিটার এবং ভোলাহাট, গোমস্তাপুর ও সদর উপজেলায় মহানন্দা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম বলেন, গত বৃহস্পতিবার রাতে পুনর্ভবা নদীর পানি ও গত শনিবার রাতে মহানন্দা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। এ দুটি নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
গোমস্তাপুরের বোয়ালিয়া ইউনিয়নের চরআলমপুর গ্রামে গিয়ে গতকাল দুপুরে দেখা যায়, পুরো গ্রামই মহানন্দা নদীর পানিতে নিমজ্জিত। গ্রামের প্রায় ১০০টি পরিবারের লোকজন পাশের উঁচু আমবাগান ও আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। এ সময় গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম, আনিরুল ইসলাম, গৃহবধূ পারভিন খাতুন ও আকতারা বেগম বলেন, এক সপ্তাহ ধরে তাঁরা গ্রাম ছেড়ে আমবাগানে আশ্রয় নিয়েছেন। গ্রামের সবাই খেটে খাওয়া মানুষ। এখন তাঁরা কষ্টে আছেন। গত শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউপি চেয়ারম্যান তাঁদের অবস্থা দেখে গেছেন। কিন্তু এখনো ত্রাণ পাননি।
আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, এখানে পাঁচ দিন ধরে আশ্রয় নিয়েছে চরআলমপুরের ২৪টি পরিবারের সদস্যরা। এখানে আশ্রয় নেওয়া আরমান আলী ও তোহমিনা বেগম বলেন, এখনো তাঁরা ত্রাণ পাননি।
ভোলাহাটের দলদলি উচ্চবিদ্যালয় ও দলদলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, এখানে দলদলি ইউপির দলদলি নিচাপাড়ার ৪২টি পরিবার আশ্রয় নিয়েছে। এ গ্রামের সোহরাব আলী ও রেবিনা বেওয়া বলেন, গ্রামের আরও ২৫টি পরিবার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।
বোয়ালিয়ার ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, তাঁর ইউনিয়নের ১০০টি পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। ত্রাণের জন্য তাদের তালিকা ইউএনও কার্যালয়ে দেওয়া হয়েছে।
গতকাল বিকেলে গোমস্তাপুরের মকরমপুর সেতু পার হয়ে কানচনতলায় একটি বড় কালভার্টের নিচে বাঁধ দেওয়ার কাজ করছিলেন গ্রামের লোকজন। মহানন্দা নদীর পানি এ কালভার্টের নিচ দিয়ে ঢোকার আশঙ্কা থেকেই এ বাঁধ দেওয়া হচ্ছে। এখান থেকে প্রায় ১০০ মিটার দূরে নদীর পানি ঠেকাতে তাঁরা স্বেচ্ছাশ্রমে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁধ দিয়েছেন।
শনিবার দুপুরে গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের নন্দলালপুরে গিয়ে দেখা যায়, নন্দলালপুরের জালমাছমারি খালের সঙ্গে মহানন্দা নদীর সংযোগস্থলের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করছে লোকজন। এ সময় গ্রামের আবদুর রহমান, ইউপি সদস্য নুরুল ইসলামসহ কয়েকজন বলেন, বাঁধ ভেঙে গেলে ক্ষতিগ্রস্ত হবে উপজেলার চৌডালা, বোয়ালিয়া ইউনিয়ন ও ভোলাহাটের বড়গাছি ইউনিয়ন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৩ হাজার ৭০০ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে।
গোমস্তাপুরের ইউএনও সিহাব রায়হান বলেন, বোয়ালিয়া ইউনিয়নের মহানন্দা নদীর চর এলাকা বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। এতে ৮০টি পরিবার বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। এ ছাড়া বাঙ্গাবাড়ি ইউনিয়নের সোনাতলা বাঁধ পুনর্ভবা নদীর পানির চাপে ঝুঁকির মুখে রয়েছে। বাঁধটি ভেঙে গেলে বাঙ্গাবাড়ি ও আলীনগর ইউনিয়ন বন্যাকবলিত হবে। বাঁধটি রক্ষায় ৩০০ শ্রমিক কাজ করছেন। চৌডালা ইউনিয়নের চর উদয়নগর এলাকা মহানন্দা নদীর পানিতে নিমজ্জিত হয়েছে। এখানকার ৩০টি পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে।
গোমস্তাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মওদুদ আহমেদ খান বলেন, বন্যায় প্রায় ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, বন্যায় প্রায় দুই হাজার হেক্টর জমির আউশ ও আমন ধান এবং সবজিখেত তলিয়ে গেছে। জেলা প্রশাসক মাহমুদুল হাসান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৭০টি পরিবারের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ হয়েছে। আজ সোমবার থেকে এগুলো বিতরণ করা হবে।