৭ দিনে ১৫৭৫ পরিবার গৃহহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
  •  শরীয়তপুরে তিন উপজেলার ১১ ইউনিয়নে পদ্মার ভাঙন
  • ১১০টি ব্যবসাপ্রতিষ্ঠান বিলীন
পদ্মার ভাঙনে বসতবাড়ি, ফসলি জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিলীন হচ্ছে। ছবিটি গতকাল শরীয়তপুরের নড়িয়া উপজেলার ওয়াপদা বাজার থেকে তোলা l প্রথম আলো
পদ্মার ভাঙনে বসতবাড়ি, ফসলি জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিলীন হচ্ছে। ছবিটি গতকাল শরীয়তপুরের নড়িয়া উপজেলার ওয়াপদা বাজার থেকে তোলা l প্রথম আলো

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্যমতে, গত দুই মাসে শরীয়তপুরে পদ্মার ভাঙনে ২ হাজার ৭৪০ পরিবার গৃহহীন হয়েছে। জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত ১ হাজার ১৩৬ পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ ছাড়া ৭৪ ব্যক্তিকে ১ হাজার করে টাকা দেওয়া হয়েছে। পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫৩০ পরিবারকে এখনো কোনো ত্রাণসহায়তা দেওয়া সম্ভব হয়নি।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসন সূত্র জানায়, এক সপ্তাহ যাবৎ পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গতকাল বৃহস্পতিবার পদ্মা নদীর পনি সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। প্রবল স্রোতের কারণে জাজিরা উপজেলার কুন্ডেরচর, বিলাশপুর, পালেরচর ও জাজিরা; নড়িয়া উপজেলার চরআত্রা, নওপারা, ঘড়িসার, কেদারপুর ও মেক্তারেরচর এবং ভেদরগঞ্জ উপজেলার চরভাগা, উত্তর তারাবুনিয়া ইউনিয়নে ভাঙন শুরু হয়েছে। ভাঙনে নড়িয়ার সুরেশ্বর বাজারের ২০টি, ওয়াপদা বাজারের ৩০টি, জাজিরার কায়েম খাঁর বাজারের ২০টি ও ভেদরগঞ্জের স্টেশন বাজারের ৪০টি ব্যবসাপ্রতিষ্ঠানের জায়গা বিলীন হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

নড়িয়া উপজেলার ওয়াপদা বাজারের ব্যবসায়ী হজরত আলী ফকিরের গ্যারেজের ব্যবসা ছিল। গ্যারেজটি চালানোর জন্য ফসলি জমি বন্ধক রেখে ১ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। গত মঙ্গলবার গ্যারেজটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। একই সঙ্গে বিলীন হয় পাঁচ শতাংশ জায়গার ওপর থাকা বসতবাড়ি ও পাঁচ বিঘা ফসলি জমি। সর্বস্বান্ত হজরত আলী কীভাবে ঋণের টাকা ফেরত দেবেন, সেই দুশ্চিন্তায় আছেন।

হজরত আলী ফকির বলেন, ‘সংসারে কোনো অভাব-অনটন ছিল না। জমির ফসল বিক্রি করা টাকা ও ব্যবসার টাকা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে অনেক সুখে ছিলাম। মুহূর্তের মধ্যে রাস্তার ফকির হলাম। এখন কে আমাদের পাশে দাঁড়াবে? সরকারি-বেসরকারি কোনো সহায়তা এখনো পাইনি। ২০ কেজি চাল পাঁচ শ-এক হাজার টাকা সহায়তা দিয়েও বা কি হবে?’

পূর্ব নড়িয়া গ্রামে কীর্তিনাশা ও পদ্মা নদীর তীর ঘেঁষে ৩ কোটি টাকা ব্যয়ে ইটভাটা স্থাপন করেছিলেন ব্যবসায়ী মনছুর ছৈয়াল। পদ্মার ভাঙনে ইটভাটাটি বিলীন হয়ে যায়। মনছুর ছৈয়াল বলেন, ‘সারা জীবনের সঞ্চয় ও আত্মীয়স্বজদের কাছ থেকে ঋণ নিয়ে ইটভাটা করেছিলাম। ব্যবসা করে সবার ঋণ পরিশোধ করার কথা ছিল। পদ্মা নদীতে আমার সব শেষ। এখন মানুষের ওই পাওনা টাকা কীভাবে ফেরত দেব? নতুন করে ব্যবসা শুরু করারও অবস্থা নেই।’

শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবা আক্তার বলেন, কিছু পরিবারকে ত্রাণসহায়তা দেওয়া হয়েছে। আরও সহায়তা দেওয়ার জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে নগদ অর্থ, চাল, টিন ও তাঁবু চেয়ে চিঠি দেওয়া হয়েছে। কিছু বরাদ্দ পাওয়া গেছে। সেগুলো দ্রুত ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।

পদ্মার ভাঙন পরিদর্শন করতে গতকাল বৃহস্পতিবার নড়িয়ার সাধুর বাজার, ওয়াপদা বাজার ও বাঁশতলা এলাকায় আসেন সাংসদ নাভানা আক্তার, পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও পাউবোর অতিরিক্ত মহাপরিচালক এ কে এম মমতাজ উদ্দিন।

এ কে এম মমতাজ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় ভাঙনরোধে বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছিল। কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছিল না। এখন ৯ কিলোমিটার এলাকায় বাঁধ ও চর খনন করার জন্য ১ হাজার ২৮০ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছে। প্রকল্পটি প্রাক্‌-একনেকের জন্য প্রস্তুত রয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগে এ অঞ্চলের ভাঙনরোধে বাঁধ নির্মাণ ও নদীর গতি পরিবর্তনের জন্য চর খননের কাজ করা হবে।