৭ বছরে ৪২ হাজার বন্য প্রাণী জব্দ, ১৩টি বাঘ হত্যা
>
- বাংলাদেশ থেকে পাচার হওয়া বন্য প্রাণীদের একটি বড় অংশের উৎস সুন্দরবনের পার্শ্ববর্তী দুই বিভাগ খুলনা ও বরিশাল।
- পাচার হওয়া বন্য প্রাণীদের ৮২ শতাংশই হরিণ।
- এরপর রয়েছে তক্ষক, সাপ, কচ্ছপ ও বাঘজাতীয় প্রাণী।
দেশের বিভিন্ন স্থান থেকে গত সাত বছরে ৪২ হাজার বন্য প্রাণী পাচারের সময় আটক হয়েছে। এর মধ্যে সুন্দরবনের ১৩টি বাঘ ও তার অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে। এসব বন্য প্রাণীর একটি অংশ দেশের মধ্যে বিভিন্ন স্থানে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। বাকিগুলো দেশের বাইরে পাচারের চেষ্টা হচ্ছিল। গত বছরের নভেম্বরে বন বিভাগের নিজেদের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
অবশ্য বন্য প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, দেশের ভেতরে যেসব বন্য প্রাণী হত্যা ও পাচার হয়, তার বড় অংশই ধরা পড়ে না। এগুলো বিদেশে পাচার হয়। এ ছাড়া দেশের মধ্যেই প্রায় ১৫টি বেসরকারি চিড়িয়াখানা, অবকাশকেন্দ্র ও বাগানবাড়িতে অবৈধভাবে বন্য প্রাণী এনে রাখা হয়।
বন বিভাগের গবেষণায় বাংলাদেশ থেকে বন্য প্রাণী বিদেশে পাচারের প্রধান গন্তব্য হিসেবে মিয়ানমার, ভারত ও চীনের কথা বলা হয়েছে। মূলত স্থল, নৌ ও আকাশপথে এসব বন্য প্রাণী পাচার হয়। পাচার হওয়া প্রাণীদের মধ্যে সুন্দরবনের বাঘ, হরিণ, সাপ, তক্ষক, কচ্ছপের পরিমাণ বেশি। জীবিত প্রাণী ও মৃত প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ নানা কৌশলে পাচারের সময় সেগুলো বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে।
বাংলাদেশের কোন এলাকা থেকে কোন ধরনের বন্য প্রাণী পাচার হয়, তা নিয়ে গত ফেব্রুয়ারিতে যৌথভাবে একটি গবেষণা চূড়ান্ত করেছে ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি (ডব্লিউসিএ) বাংলাদেশ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ)। ‘বাংলাদেশের বন্য প্রাণী পাচারের বিরুদ্ধে লড়াই: বর্তমান অবস্থা ও পরবর্তীতে করণীয়’ শীর্ষক ওই গবেষণায় দেখা গেছে, বাংলাদেশ থেকে পাচার হওয়া বন্য প্রাণীদের একটি বড় অংশের উৎস সুন্দরবনের পার্শ্ববর্তী দুই বিভাগ খুলনা ও বরিশাল। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম, সিলেট ও ঢাকার আশপাশের বনাঞ্চল থেকে বন্য প্রাণী পাচার হচ্ছে। পাচার হওয়া বন্য প্রাণীদের ৮২ শতাংশই হরিণ। এরপর রয়েছে তক্ষক, সাপ, কচ্ছপ ও বাঘজাতীয় প্রাণী।
এ ব্যাপারে জানতে চাইলে দেশের বিশিষ্ট বন্য প্রাণী বিশেষজ্ঞ রেজা খান প্রথম আলোকে বলেন, এখন চিতাবাঘ সাঙ্গু বনভূমিতে দু-একটি টিকে আছে। আর বেঙ্গল টাইগার সারা দেশ থেকে হারিয়ে গিয়ে শুধু সুন্দরবনে আছে। বাংলাদেশের মানুষের বীরত্বের প্রতীক ও জাতীয় এই প্রাণীকে রক্ষায় সুনির্দিষ্টভাবে কোনো সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়নি। ফলে যে যার মতো করে কাজ করে। হাতে গোনা যে শখানেক বাঘ এখনো বেঁচে আছে, তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় গুরুত্ব দিয়ে রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বন্য প্রাণী রক্ষায় সরকারের নানা উদ্যোগের কথা বলা হলেও বন বিভাগের বন্য প্রাণী ও অপরাধ দমন ইউনিট চলছে ধুঁকে ধুঁকে। বন বিভাগের প্রধান কার্যালয়ে ওই ইউনিটের আলাদা দপ্তর ও গাজীপুরে বন্য প্রাণী গবেষণাকেন্দ্র থাকলেও তার কার্যক্রম নেই বললেই চলে। দুই দপ্তরে মোট আটজন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, যাঁরা সরকারের অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা ছাড়া বন্য প্রাণী অপরাধ দমনের কাজে যেতে পারেন না।
এ ব্যাপারে বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন সংরক্ষক জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের সীমিত সামর্থ্য দিয়ে বন্য প্রাণী পাচার ও হত্যা রোধে কাজ করছি। তবে দেশের বন্য প্রাণীদের রক্ষা করতে হলে অবশ্যই বন্য প্রাণী অপরাধ দমন বিভাগকে শক্তিশালী করতে হবে। সেখানে দক্ষ জনবল নিয়োগ দিতে হবে।’
আজ বিশ্ব বন্য প্রাণী দিবস
‘বাঘজাতীয় প্রাণীরা আজ বিপদে, তাদের রক্ষায় এগিয়ে আসুন’-এই স্লোগান সামনে রেখে আজ সারা দেশে জাতিসংঘের বন্য প্রাণী দিবস পালিত হচ্ছে। ২০১৩ সাল থেকে জাতিসংঘ থেকে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ব বন্য প্রাণী তহবিলের হিসাব অনুযায়ী, ১৯০০ সালে বিশ্বে বাঘের সংখ্যা ছিল প্রায় এক লাখ। ২০১৪ সালে তা কমে চার হাজারে নেমে আসে। বাংলাদেশে ২০০৪ সালে পায়ের ছাপ গুনে বাঘের সংখ্যা নির্ণয় করার জরিপে বলা হয়, সুন্দরবনে বাঘের সংখ্যা ৪৪০। ২০১৪ সালে সর্বশেষ জরিপ করা হয় ক্যামেরায় ছবি তুলে ও পায়ের ছাপ গুনে। ওই জরিপে বাঘের সংখ্যা পাওয়া যায় ১০৬।
বন্য প্রাণী দিবস উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিকেলে গাজীপুরে নবনির্মিত ওয়াইল্ডলাইফ সেন্টারে শিশু-কিশোর সমাবেশ ও সেমিনার হবে।