৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আষাঢ়ের প্রথম দিনেই বৃষ্টির বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ু উত্তরাঞ্চলের ওপর সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয়। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিস্তৃত রয়েছে।

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা, চট্টগ্রামের অনেক জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

যশোর, কুষ্টিয়া ও পাবনা অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে সামান্য কমার সম্ভাবনা আছে। আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে, ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল নীলফামারীর ডিমলাতে। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, দেশের উত্তরাঞ্চলে ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এখন যে পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, তেমনটাই থাকবে কিছুদিন।

ঢাকায় গতকাল তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাস সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আর্দ্রতা ৬৭ শতাংশ। ঢাকায় ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে। আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনে তাপমাত্রা অপরিবর্তিত এবং হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে ঢাকায়।