৮ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

ভারী বর্ষণ ও ঢলে দেশের আট জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গতকাল মঙ্গলবার এসব জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়। এ জেলাগুলো হলো গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, রংপুর, বগুড়া, ফরিদপুর, রাজবাড়ী ও জামালপুর।
তবে নীলফামারীতে বন্যার কিছুটা উন্নতি হয়েছে এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে মারা গেছে দুই শিশু।
বিভিন্ন জেলায় প্রায় ৭০০ স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠায় পড়াশোনা বন্ধ রয়েছে।
প্রথম আলোর ঢাকার বাইরে সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গাইবান্ধায় গতকাল বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০টি নদ-নদীর সব কটিতেই পানি বেড়েছে। এর মধ্যে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৫৬ ও ঘাঘট নদের পানি ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার চারটি উপজেলার ৩৩টি ইউনিয়নের নতুন নতুন এলাকা গতকাল প্লাবিত হয়। উপজেলাগুলোতে ১০৬টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
কুড়িগ্রামে ধরলার পানি বিপৎসীমার ১০২ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মহাসড়কে পানি ওঠায় ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা এবং বঙ্গসোনাহাট স্থলবন্দরের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধের উপক্রম হয়েছে। দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দেখা দিয়েছে। ৯ উপজেলায় ৪ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ সদর, চৌহালী, কাজীপুর, শাহজাদপুর ও বেলকুচি উপজেলার ৭৫টি প্রাথমিক ও ২২টি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ ও মাদ্রাসায় পানি ঢুকে পড়ায় পাঠদান বন্ধ রয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। চৌহালী-সারুটিয়া-টাঙ্গাইল সড়কের কেআর পাইলট উচ্চবিদ্যালয়-সংলগ্ন একটি সেতু ধসে পড়েছে। শাহজাদপুরের খুকনী গ্রামে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো খুকনী গ্রামের খোরশেদ আলীর ছেলে আবু হুরায়রা (৩) ও ফুলচান আলীর মেয়ে ফাইমা খাতুন (২)।
রংপুরে ঢল নেমে আসায় পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটই খুলে দেওয়া হয়েছে। এতে গঙ্গাচড়া উপজেলার আনুমানিক ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কোলকোন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব আলী বলেন, এ ইউনিয়নে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সাহায্য যা পাওয়া গেছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকায় সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ১৬ ইউনিয়নে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।
পদ্মায় পানি বেড়ে ফরিদপুর সদর উপজেলার চারটি ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় পাঁচ হাজার পরিবার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম বলেন, ১৫ মেট্রিক টন চাল ও শুকনো খাবার কেনার জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
রাজবাড়ীতে গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অব্যাহত রয়েছে নদীভাঙন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, দৌলতদিয়ার ২ নম্বর ফেরিঘাটের র্যা মের অংশবিশেষ তলিয়ে গেছে। ঘাটটি ধরে রাখার চেষ্টা চলছে। এ ছাড়া ভাঙনের কারণে ৪ নম্বর ফেরিঘাট থেকে বাহিরচার ছাত্তার মেম্বারপাড়া সড়কের কয়েক শ ফুট ধসে গেছে। লোকজন ঘুরে ঘাটে আসা-যাওয়া করছে।
নীলফামারীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তিস্তার ভাঙন অব্যাহত আছে। ভাঙনে রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ায় ডিমলা উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, সোমবার পর্যন্ত ৬৯০টি পরিবার ভাঙনের শিকার হয়েছে।
জামালপুরে যমুনার পানি বিপৎসীমার ৮৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছয় দিন ধরে জেলায় বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত আছে। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। পানি ওঠায় ১৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরিষাবাড়ীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, বন্যার্তদের জন্য এখনো কোনো ত্রাণ পাওয়া যায়নি।
সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গতকাল সন্ধ্যা ছয়টায় সুরমার পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। জেলা সদরের সঙ্গে তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শতাধিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।