'আইজ হামরা কোনো খাই নাই বাহে'

‘আইজ হামরা কোনো খাই নাই বাহে, বাসি মুখত আছি’—কথাগুলো বন্যার্ত মহসেনা বেগমের। ৫০ ছুঁই ছুঁই মহসেনা নীলফামারীর সৈয়দপুর শহরের সৈয়দপুর কলেজের আশ্রয়কেন্দ্রে রয়েছেন। সেখানেই আছেন আরেক বন্যার্ত ছাবেদুল ইসলাম (৩৮)। বললেন, ‘যেদিন খাবার পাও, সেদিন সবায় একসাথে দেয়। তার বাদে মেলা খাবার নষ্ট হয়। আইজ সকাল থাকি কোনো খাওনাই, কাহো দেয়ও নাই।’
আজ মঙ্গলবার সকালে কয়েকটি আশ্রয়কেন্দ্র ঘুরে মানুষের এমন দুর্দশা দেখা গেছে।
সৈয়দপুর কলেজ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় ৩০০ জন বন্যার্ত মানুষ। ওই কেন্দ্রে মানুষ আর গরু-ছাগল একসঙ্গে রয়েছে। আজও আশ্রয়কেন্দ্রের আঙিনায় হাঁটুপানি। একই অবস্থা দেখা যায়, শহরের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিরাম ইউনিয়নের হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্রেও।
হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী জানান, ব্যক্তিগত উদ্যোগে তিনি রান্না করা খাবার বন্যার্ত মানুষকে দিচ্ছেন।

কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল চৌধুরী জানান, আশ্রয়কেন্দ্রগুলোতে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। প্রয়োজনের তুলনায় সরকারি বরাদ্দ কম মেলায় জনপ্রতিনিধিদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য ১৫ মেট্রিক টন চাল ও ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজলুর রশীদ জানান, আগামীকাল বুধবার এসব তালিকা অনুযায়ী বিতরণ করা হবে।
সৈয়দপুর উপজেলা প্রকৌশলী আবু মোহাম্মদ সফিউল আযমের তথ্যমতে, বন্যায় পৌরসভাসহ পাঁচটি ইউনিয়নের প্রায় ছয় কোটি টাকার সড়ক অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। পানি নামার পর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস বলেন, উপজেলার প্রায় দুই কোটি টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে।
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোমায়রা মণ্ডল বলেন, রোপা আমনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।